মহেশপুর-পুড়াপাড়া সড়ক

বালু তুলে বিক্রি, সড়ক ধসে পড়ার আশঙ্কা 

প্রতিদিন বালু তোলার ফলে সড়কটি ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। যাঁদের চাষের জমি রয়েছে, তাঁরাও ভাঙনের আশঙ্কা করছেন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর-পুড়াপাড়া-চৌগাছা সড়কের বাথানগাছি এলাকায় সড়কের দুই পাশের গর্ত ও বালুর স্তূপ। এসব বালু বিক্রি করা হচ্ছে
ছবি: প্রথম আলো

ঝিনাইদহের মহেশপুরে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে মহেশপুর-পুড়াপাড়া-চৌগাছা সড়কের দুই পাশ থেকে ড্রেজার ও এক্সকাভেটর দিয়ে বালু তোলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ইতিমধ্যে কয়েক শ গাড়ি বালু তুলে বিক্রি করা হয়েছে। বালু তোলার স্থানটি ইতিমধ্যে ২০ ফুট গভীর হয়েছে, আরও খনন চলছে। এভাবে প্রতিদিন বালু তোলার ফলে সড়কটি ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। ওই স্থানের চারপাশে যাঁদের চাষের জমি রয়েছে, তাঁরাও ভাঙনের আশঙ্কা করছেন।

এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে কয়েক দফা অভিযোগ দিয়েছেন এলাকার কৃষকেরা। কিন্তু কোনো ফল হয়নি। উল্টো সাবেক ওই ইউপি সদস্যের হুমকি-ধমকির মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম রবিউল ইসলাম। তিনি মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি ওই ইউনিয়নের বাথানগাছি গ্রামের বাসিন্দা।

■ গত কয়েক বছরে সড়কের দুই পাশ থেকে বালু তুলে বড় বড় গর্ত তৈরি করেছেন। 

■ প্রশাসনের বেশ কয়েক স্থানে অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছেন না এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এর আগে রবিউল ইসলামের বাবা প্রয়াত মিজানুর রহমান সড়কের পাশের একই স্থান থেকে বালু তুলে বিক্রি করেছেন। মিজানুর রহমান এই স্থান থেকে প্রায় দুই কোটি টাকার বালু বিক্রি করেছেন। বিষয়টি নিয়ে তাঁরা প্রথমে অভিযোগ করেননি, ভেবেছেন নিজের জমি থেকে বালু তুলছেন। পরে অন্যান্য কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে তাঁরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। তখন বালু তোলা তাৎক্ষণিক বন্ধ হয়। মিজানুর রহমানের মৃত্যুর পর তাঁর ছেলে রবিউল ইসলাম এখন বালু তুলছেন। তিনি মাঝেমধ্যেই বালু তুলে বিক্রি করে চলেছেন। গত কয়েক বছরে থেমে থেমে সড়কের দুই পাশ থেকে বালু তুলে বড় বড় গর্ত তৈরি করেছেন। যে কারণে সড়কটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ বলা হয়েছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার আশপাশ থেকে বিপণনের উদ্দেশ্যে বালু বা মাটি উত্তোলন করা যাবে না।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মহেশপুর-পুড়াপাড়া-চৌগাছা সড়কের বাথানগাছি এলাকায় দুই পাশে বড় বড় গর্ত খোড়া। রাস্তার পাশে বালু তুলে স্তূপ করে রাখা হয়েছে। রাস্তার পূর্ব পাশের গর্তের ভেতরে ইট বিছিয়ে যান চলাচলের জন্য একটি রাস্তা তৈরি করা হয়েছে। বালুবোঝাই ট্রাক-ট্রাক্টরগুলো এই রাস্তা দিয়ে ওপরে উঠে আসছে। আর পশ্চিম পাশের গর্তের বালু পাকা রাস্তার ধারে রেখে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, বাবার মৃত্যুর পর রবিউল ইসলাম ইউপি সদস্য নির্বাচিত হলে ২০১৭ সালে ক্ষমতার জোরে আবার বালু উঠিয়ে বিক্রি শুরু করেন। সেই সময় আবার স্থানীয় কৃষকেরা অভিযোগ দেন। কিছুদিন বালু ওঠানোর পর প্রশাসন আবার বন্ধ করে দেয়। এরপর ২০১৯ সালে আবারও ওই স্থান থেকে বালু তুলে বিক্রি করতে থাকেন রবিউল। এলাকার লোকজন আবারও অভিযোগ দেন, কিন্তু কোনো ফল হয় না। এর অনেক পরে প্রশাসন তা বন্ধ করে দেয়। চলতি বছরের শুরু থেকে কখনো ড্রেজার বসিয়ে, আবার কখনো এক্সকাভেটর দিয়ে বালু তুলে বিক্রি অব্যাহত রেখেছেন রবিউল ইসলাম। এবার প্রশাসনের বেশ কয়েক স্থানে অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছেন না এলাকাবাসী।

ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. হ‌ুমায়ূন কবির বলেন, সরকারি আইন রয়েছে, নিজের জায়গা হলেও যেকোনো স্থান থেকে বালু উঠিয়ে বিক্রি করা যাবে না। শুধু সরকার ঘোষিত বালুমহাল থেকেই বালু ওঠানো যাবে। তা ছাড়া নিজের পুকুর খনন করলেও তার অনুমোদন লাগবে। খননের মাটি বিক্রি করা যাবে না। শুধু পাড় বাঁধার কাজ করা যাবে। এ ক্ষেত্রে কোনো আইনই তিনি (রবিউল ইসলাম) মানছেন না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম বলেন, তাঁর বাবা এই গর্ত খনন করেছিলেন, তিনি এখন সেটা সংস্কার করছেন। এটা করতে গিয়ে সেখানে বালু উঠছে, এই বালু দিয়ে তিনি পাড় বেঁধেছেন। তবে খনন করতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে। সেই টাকা ওঠাতে কিছু মাল বিক্রি করেছেন। এতে রাস্তার কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন রবিউল ইসলাম।

এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার মুঠোফোনে কল করলেও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী রিসিভ করেননি। মান্দারবাড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শফি উদ্দিন জানান, তাঁরা দুই দফা বালু তুলতে নিষেধ করেছেন। কিন্তু গোপনে তুললে সেটা ধরা কঠিন। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।