রাজশাহীতে চলন্ত মোটরসাইকেল থেকে আড়াই লাখ টাকা ছিনতাই

ছিনতাই
প্রতীকী ছবি

রাজশাহীর একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণের টাকা তুলে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন মো. বাহাদুর রহমান (২৫)। টাকার ব্যাগটি তিনি মোটরসাইকেলের পেছনে ঝুলিয়ে রেখেছিলেন। এক যুবক সেই ব্যাগ ছিনতাই করে পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের সাহেববাজারের স্যান্ডেল পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বাহাদুর রাজশাহী জজ আদালতের রেকর্ড সহকারী হিসেবে কর্মরত। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামের শুকলাল আলীর ছেলে। এ ঘটনায় নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি ছিনতাইয়ের মামলা হয়েছে।

ভুক্তভোগী বাহাদুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ দুপুরে নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় আইএফআইসি ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নেন তিনি। সেখান থেকে ৫০ হাজার টাকা ব্যাংকে থাকতেই ভাইকে দিয়ে দেন। বাকি আড়াই লাখ টাকা ব্যাগে ভরে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন। ব্যাগটি মোটরসাইকেলের পেছনে ঝোলানো ছিল। মোটরসাইকেল নিয়ে স্যান্ডেল পট্টির কাছে আসার পরপরই চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগটি খুলে নিয়ে পালিয়ে যান এক ব্যক্তি। এ সময় অনেক চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি। সঙ্গে সঙ্গে বোয়ালিয়া মডেল থানা-পুলিশকে বিষয়টি মৌখিকভাবে জানালে তারা ঘটনাস্থলে আসে।

কান্নাজড়িত কণ্ঠে বাহাদুর বলেন, সম্প্রতি একটি জমি কিনেছেন তিনি। এ জন্য বেশ কিছু টাকা ধার করতে হয়েছে। সেই ধার পরিশোধের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু টাকাগুলো ব্যাংক থেকে বাড়িতে নিতেই পারলেন না।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে যান। এ ঘটনায় একটি ছিনতাইয়ের মামলা হয়েছে। তাঁরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা নিশ্চিত হয়েছেন। তাঁরা এ বিষয়ে অভিযান চালাচ্ছেন বলে জানান।