
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতী সৈকত-সংলগ্ন বঙ্গোপসাগরে গোসল করতে নেমে নাবিল আহম্মেদ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
নিখোঁজ নাবিল কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে মায়ের সঙ্গে নারায়ণগঞ্জে থাকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ করতে দুই দিন আগে কলাপাড়ায় আসে সে। নাবিল এবার এসএসসি পরীক্ষা দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিখোঁজ নাবিলের স্বজনেরা বলেন, তাঁরা কলাপাড়া পৌর শহরের বাসায় গতকাল বৃহস্পতিবার কোরবানির ঈদ করেছেন। আজ সকালে নাবিলসহ পরিবারের সদস্যরা উপজেলার ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতী এলাকায় নানা আবদুল গনি গাজীর বাড়িতে বেড়াতে যান। নানাবাড়িতে কিছুক্ষণ থাকার পর সবাই মিলে গঙ্গামতী সৈকত-সংলগ্ন সাগরে গোসল করতে যান। স্বজনদের সঙ্গে নাবিলও গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের তোড়ে সাগরে তলিয়ে যায় সে।
পর্যটন পুলিশের কুয়াকাটা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে দ্রুত চলে যায়। দলটি জেলেদের সহায়তায় নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চালায়। তবে তাঁরা তাকে খুঁজে পাননি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ পরিচালনা করছে। পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকেও উদ্ধারকাজের জন্য ডাকা হয়েছে। সাগর উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। নিখোঁজ নাবিল এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।