ফেরির সংখ্যা বাড়ানোয় নদী পার হওয়া নিয়ে যাত্রীদের আগের মতো দুর্ভোগ দেখা যায়নি। গতকাল শুক্রবার বিকেলে
ফেরির সংখ্যা বাড়ানোয় নদী পার হওয়া নিয়ে যাত্রীদের আগের মতো দুর্ভোগ দেখা যায়নি। গতকাল শুক্রবার বিকেলে

কাজীরহাট-আরিচা নৌপথে দুর্ভোগ দূর হলেও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে অসন্তোষ

পাবনার বেড়া উপজেলার কাজীরহাট থেকে মানিকগঞ্জের আরিচা পর্যন্ত নৌপথে সরকার নির্ধারিত ফেরি ভাড়া ৩৬ টাকা। যাত্রীদের যে টিকিট দেওয়া হচ্ছে সেখানে ৩৬ টাকা ভাড়া লেখাও আছে। কিন্তু বাস্তবে যাত্রীদের কাছ থেকে ৫০ টাকা করে আদায় করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেছেন। ঈদের পরদিন থেকে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে কাজীরহাট ফেরিঘাটে টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত ইজারাদের লোকজন অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে দাবি করেছেন যাত্রীরা।

তবে এবার ঈদ উপলক্ষে এই নৌপথে ফেরির সংখ্যা বাড়ানোয় নদী পার হওয়া নিয়ে যাত্রীদের আগের মতো দুর্ভোগ দেখা যায়নি। ঘাটে ফেরির অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারিও নেই। বরং অনেক সময় ঘাটে যানবাহন ও যাত্রীদের জন্য একাধিক ফেরিকে অপেক্ষা করতেও দেখা যাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও এই নৌপথের বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২০ বছর ফেরি চলাচল বন্ধ থাকার পর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি কাজীরহাট-আরিচা নৌপথে আবারও ফেরি চলাচল শুরু হয়। শুরু থেকেই যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও এই নৌপথে ফেরি দেওয়া হয়েছিল দুই থেকে তিনটি। এতে কাজীরহাট ফেরিঘাটে চার থেকে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি লেগেই থাকত। নদী পার হতে পণ্যবাহী ট্রাকগুলোকে অনেক সময় দুই-তিন দিন ঘাটে অপেক্ষাও করতে হতো। এ ছাড়া সাধারণ যাত্রীরাও ফেরির জন্য ঘাটে এসে দীর্ঘ সময় বসে থাকতেন। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর পাল্টে যায় সেই চিত্র। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরির চাহিদা কমে যাওয়ায় ওই নৌপথের বড় ও দ্রুতগতির ফেরিগুলো কাজীরহাট-আরিচা নৌপথে যুক্ত করা হয়। এতে এই নৌপথে যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে স্বস্তি নেমে আসে।

নদী পারাপারে দুর্ভোগ না থাকলেও এবারের ঈদে কাজীরহাট থেকে আরিচা যাওয়ার পথে ফেরিতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই নৌপথে সরকার নির্ধারিত ভাড়া ৩৬ টাকা। ঈদের আগে বেশির ভাগ ক্ষেত্রেই ভাঙতি না থাকার অজুহাত দেখিয়ে টিকিট বিক্রেতারা ৪০ টাকা আদায় করতেন। তবে ঈদের পরদিন থেকে যাত্রীর চাপ বেড়ে যাওয়ার সুযোগে ৫০ টাকা করে আদায় করা হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে টিকিট বিক্রেতারা যাত্রীদের নানাভাবে হেনস্তা করেন বলে অভিযোগ।

কাজীরহাট থেকে আরিচা পর্যন্ত সরকার নির্ধারিত ফেরি ভাড়া ৩৬ টাকা হলে আদায় করা হচ্ছে ৫০ টাকা

গতকাল শুক্রবার বিকেল পাঁচটা থেকে প্রায় এক ঘণ্টা কাজীরহাট ঘাটে অবস্থান করে দেখা গেছে, জনপ্রতি ৫০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে যাত্রীদের সঙ্গে টিকিট বিক্রেতাদের বাগ্‌বিতণ্ডার দৃশ্যও দেখা গেল। ঘাটে টিকিট বিক্রির ইজারাদারের ১০ থেকে ১৫ জন কর্মীকে যাত্রীদের টিকিট চেক করার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।

এ সময় সাংবাদিক পরিচয় পেয়ে পাবনা শহরের ইখতিয়ার হোসেন, নাজিরগঞ্জের জিয়াউল হক, কাশিনাথপুরের নাসির খান, মো. জুয়েলসহ ১০ থেকে ১২ জন যাত্রী এই প্রতিবেদকের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ার ব্যাপারে অভিযোগ করেন। তাঁরা বলেন, ফেরিতে ওঠার আগে ইজারাদের লোকজন ৩৬ টাকার টিকিট ৫০ টাকায় কাটতে বাধ্য করছেন।

বিষয়টি নিয়ে টিকিট বিক্রির দায়িত্বে থাকা তিনজনের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা নিজেদের নাম না বলে পাশে থাকা দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তিকে দেখিয়ে দেন। ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে তিনি প্রথমে নিজেকে মোবারক হোসেন বলে পরিচয় দেন। এ সময় তিনি অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের ভিডিওসহ প্রয়োজনীয় তথ্য প্রথম আলোর কাছে আছে জানানোর পর তিনিসহ তাঁর সঙ্গে থাকা আরও দুই-তিনজন ব্যক্তি বলেন, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক ওরফে বাবু ঘাটের দায়িত্বে রয়েছেন। এ বিষয়ে তাঁরা রেজাউল হকের সঙ্গে কথা বলতে বলেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রেজাউল হক বলেন, তিনি ফেরিঘাটের টিকিট বিক্রির ইজারার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। বরং ঘাটটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেই দিকটি তিনি দেখেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি তাঁর জানা ছিল না। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, কাজীরহাট-আরিচা নৌপথে সাতটি ফেরি দেওয়ায় যাত্রী ও যানবাহন পারাপার পুরোপুরি স্বাভাবিক রয়েছে। আর এই নৌপথে ভাড়া আদায়ের ইজারা পেয়েছেন আরিচার সুবহানা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। তারা যদি অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে, তাহলে সে ক্ষেত্রে শাস্তির বিধান আছে। বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় থেকে এ ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করে থাকে। বিষয়টি অতি দ্রুত প্রধান কার্যালয়ে জানানো হবে।

এ বিষয়ে সুবহানা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. জসিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘টিকিটের দাম ৩৬ টাকার এক পয়সাও বেশি নেওয়ার সুযোগ নেই। তবে আমাদের কোনো কর্মী যদি বেশি ভাড়া নিয়ে থাকেন, তাহলে এখনই ব্যবস্থা নিচ্ছি।’