নওগাঁ শহর থেকে আটকের পর র্যাবের হেফাজতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে এবং মৃত্যুর পেছনে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে শহরের সাতমাথায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। পরে বিক্ষোভ মিছিল হয়।
বাসদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের বগুড়া জেলা শাখার সদস্যসচিব দিলরুবা নূরী, সদস্য সাইফুজ্জামান টুটুল, মাসুদ পারভেজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার আহ্বায়ক ধনঞ্জয় বর্মণ প্রমুখ।
সমাবেশে অভিযোগ করা হয়, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে সুলতানা জেসমিনকে আটক করা হয়। র্যাব হেফাজতে অসুস্থ হওয়ার পর গত শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র্যাবের দাবি, প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।
র্যাব হেফাজতে নির্যাতনের কারণেই সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে দাবি করে বাসদ বগুড়া জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘সুলতানা জেসমিনের র্যাব হেফাজতে মৃত্যু হয়েছে। পরিবার অভিযোগ তুলেছে, নির্যাতন করেই তাঁকে হত্যা করা হয়েছে। অথচ থানায় হত্যা মামলা হলো না। স্বজনেরা ভয়ে গণমাধ্যমে কথা বলছেন না।’
সাইফুল ইসলাম বলেন, ‘র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর বিচার–বহির্ভূত হত্যা এবং হেফাজতে মৃত্যু কিছুটা কমেছিল। কিন্তু সুলতানার হেফাজতে মৃত্যু বিচার–বহির্ভূত হত্যা। অতীতে বিচার–বহির্ভূত হত্যা এবং আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর কোনো আইনি প্রক্রিয়ায় বিচার হয়নি। দোষীদেরও শাস্তি হয়নি। বিচারহীনতার এ সংস্কৃতি বন্ধ না হলে হেফাজতে মৃত্যুও বন্ধ হবে না।’
বাসদ বগুড়া জেলা শাখার সদস্য সচিব দিলরুবা নূরী বলেন, ‘কর্তৃপক্ষকে না জানিয়েই একজন নারী সরকারি কর্মচারীকে র্যাব যেভাবে রাস্তা থেকে আটক করেছে, সেটা নজিরবিহীন। একজন নাগরিককে রাস্তা থেকে এভাবে আটক করা কোনো বিধিসম্মত পদ্ধতি নয়। যখনই একজন অভিযুক্তকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের হাতে তুলে নেয়, তখন থেকেই তিনি তাদের হেফাজতে চলে যান। এই হেফাজতে থাকা অবস্থায় কেউ যদি অসুস্থ হন বা চিকিৎসাধীন অবস্থায় মারা যান, তার দায় ওই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে। কারণ, তিনি তখনো আটক অবস্থাতেই ছিলেন। ওই নারীর মাথায় চিকিৎসকেরা আঘাতের চিহ্ন পেয়েছেন।’
মাথার আঘাত তো তাদের হেফাজতেই হয়েছে। তাই র্যাবের দায় এড়ানোর সুযোগ নেই। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যতক্ষণ না কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই নির্যাতনের মাত্রা বন্ধ হওয়ার সুযোগ নেই।
এই নারী নেত্রী আরও বলেন, র্যাবের বিরুদ্ধে অভিযোগ নতুন না। তাদের কার্যক্রমের কারণে তারা বিদেশিদের নিষেধাজ্ঞার কবলেও পড়েছে। এটি দেশের জন্য মানহানিকর।