শেরপুর সদর হাসপাতাল

চিকিৎসকের ৩০টি পদই শূন্য 

বর্তমানে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ রোগী চিকিৎসা নিতে আসেন। অন্তর্বিভাগে গড়ে ৪০০ রোগী ভর্তি থাকেন। 

শেরপুর জেলা সদর হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও বরাদ্দ পাওয়া যাচ্ছে ১০০ শয্যার কাঠামো অনুযায়ী। চিকিৎসকের ৫৭টি পদের মধ্যে ৩০টি পদই শূন্য। ফলে বহির্বিভাগে ডাক্তার দেখাতে এলে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। শয্যার তুলনায় বেশি রোগী ভর্তি থাকায় অনেকে বারান্দা ও মেঝেতে থাকেন। প্রায়ই বিকল হয়ে যায় নয়তলাবিশিষ্ট ভবনের লিফট। 

স্থানীয় ব্যক্তিরা বলেন, জেলার প্রায় ১৫ লাখ মানুষ ছাড়াও পাশের জামালপুর জেলার বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলা এবং কুড়িগ্রাম জেলার রাজীবপুর ও রৌমারী উপজেলার অনেক মানুষ চিকিৎসার জন্য এ হাসপাতালের ওপর নির্ভর করেন। 

হাসপাতাল তত্ত্বাবধায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ রোগী চিকিৎসা নিতে আসেন। অন্তর্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ রোগী ভর্তি থাকেন। কিন্তু পর্যাপ্তসংখ্যক চিকিৎসক ও শয্যার অভাবে রোগীরা দুর্ভোগ ও ভোগান্তির শিকার হন। বহির্বিভাগে চিকিৎসার জন্য রোগীদের মাঝেমধ্যে দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়।

গত শনিবার বেলা ১১টায় হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে রোগীদের প্রচণ্ড ভিড়। অনেক রোগী বহির্বিভাগের বারান্দায় অপেক্ষা করছেন। শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের রাবিয়া বেগম বলেন, রোগী বেশি, ডাক্তার কম। তাই টিকিট কেটে দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। 

সদর উপজেলার পাকুরিয়া গ্রামের জোছনা বেগম বলেন, গ্যাস্ট্রিক ও পায়ের ব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে এসেছেন। দুই ঘণ্টা অপেক্ষা করার পর ডাক্তার দেখানোর সুযোগ পেয়েছেন। 

হাসপাতালের প্রশাসনিক সূত্র জানায়, প্রায় চার বছর আগে ১০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০২০ সালের ১৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিকিৎসকের ৫৭টি পদের অনুমোদন দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময়েও এসব পদে নিয়োগ না দেওয়ায় অপ্রতুল জনবল দিয়েই চলছে এই হাসপাতালের কার্যক্রম। 

বর্তমানে চিকিৎসকের ৫৭টি পদের মধ্যে ২৭ জন কর্মরত আছেন। জ্যেষ্ঠ কনসালট্যান্ট পদের ৭টি, কনিষ্ঠ কনসালট্যান্ট পদের ৮টিসহ মোট ৩০টি পদ শূন্য। এ ছাড়া হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারীর ৫২টি পদের মধ্যে ৩৭টি এবং চতুর্থ শ্রেণির কর্মচারীর ৩২টি পদের মধ্যে ১৫টি পদ শূন্য রয়েছে। আয়া, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতাকর্মীর সংকট আছে। এ অবস্থায় ওয়ার্ড ও শৌচাগারগুলো অপরিচ্ছন্ন থাকে বলে রোগীরা প্রায়ই অভিযোগ করেন। 

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাসরিফা বিনতে ফারুক তুহিন বলেন, হাসপাতালে চিকিৎসকের সংকট আছে। এ জন্য বহির্বিভাগে যতক্ষণ রোগী থাকেন, ততক্ষণ তাঁরা রোগীদের চিকিৎসাসেবা দেন। 

হাসপাতালের নয়তলা ভবনে দুটি লিফট রয়েছে। কিন্তু মাঝেমধ্যে লিফট বিকল হয়ে পড়ে। ফলে ভবনে ওঠানামায় রোগী, চিকিৎসকসহ সবাইকে দুর্ভোগে পড়তে হয়। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের লিফটম্যান প্রায়ই অনুপস্থিত থাকেন। ৯ জুন রাত ১২টার দিকে একটি লিফট অচল হয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি করেও লিফটম্যানকে পাওয়া যায়নি। পরে বিশেষ ব্যবস্থায় লিফটটি চালু করা হয়। হাসপাতালে নিরবচ্ছিন্নভাবে লিফট চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তাঁরা। 

প্রতিদিন গড়ে ৪০০ রোগী হাসপাতালে ভর্তি থাকেন। শনিবার দেখা যায়, শয্যা না পেয়ে সার্জারি ও শিশু ওয়ার্ডে অনেক রোগী মেঝে ও বারান্দায় বিছানা পেতেছেন। 

সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের আশরাফ আলী বলেন, জমিসংক্রান্ত মারামারির ঘটনায় আহত হয়ে ৯ জুন শুক্রবার সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়েছেন। কিন্তু শয্যা না পেয়ে বারান্দায় আছেন। 

নকলা উপজেলার কায়দা এলাকার বিলকিছ আক্তার বলেন, ঠান্ডা ও খিঁচুনির সমস্যা নিয়ে তাঁর দুই মাসের ছেলেকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করিয়েছেন। কিন্তু শয্যাসংকটের কারণে তাঁর সন্তানকে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ভর্তি রোগীদের কয়েকজন স্বজন জানান, চিকিৎসকেরা দিনে একবারের বেশি রোগী দেখতে আসেন না। বিশেষ করে সরকারি ছুটির দিনে রোগীকে নিয়ে সমস্যায় পড়তে হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তাকে ডাকাডাকি করে ওয়ার্ডে নিয়ে আসতে হয়। 

জ্যেষ্ঠ স্টাফ নার্স আফসানা আক্তার বলেন, ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকেন। কিন্তু পর্যাপ্তসংখ্যক নার্স না থাকায় রোগীদের সেবা দিতে তাঁরা হিমশিম খান। 

হাসপাতালের সুপারিনটেনডেন্ট মো. জসিম উদ্দিন বলেন, চিকিৎসকের শূন্যপদগুলো পূরণের জন্য একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন জানিয়েছেন। তবে তাঁরা রোগীদের সাধ্যমতো সেবা প্রদানের চেষ্টা করছেন। ১০০ শয্যার পরিবর্তে ২৫০ শয্যার কাঠামো অনুযায়ী অর্থ বরাদ্দ দেওয়ার জন্য সর্বশেষ ৪ জুন মন্ত্রণালয়ে আবেদন করেছেন।