
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী (৬০ বছর পূর্তি) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেলে আগে প্রবেশ করা নিয়ে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। হাতাহাতির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষকে সরিয়ে দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সরেজমিনে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনন্দমিছিল নিয়ে কেন্দ্রীয় খেলার মাঠের সামনের দিকে বানানো গেট দিয়ে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছিলেন শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁদের বাধা দেন। পরে প্যান্ডেলে আগে প্রবেশ করা নিয়ে দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা মাঝখানে অবস্থান নিয়ে দুই পক্ষকে আলাদা করেন।
ঘটনাস্থলে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহীমসহ দুই পক্ষের কয়েক শ নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
জানতে চাইলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি হচ্ছে। আমাদের বড় ভাইয়েরা এসেছেন। আমরা আনন্দ করব। এ উৎসব নষ্ট করার জন্য মিছিল নিয়ে আসবেন, তা প্রত্যাশা করিনি। তাঁরা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও আঘাত করেন। আমরা পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে চলে এসেছি। আমরা চাই, উৎসবটি সুন্দরভাবে শেষ হোক।’
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহীমের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি রিসিভ করেননি। তিনি ঘটনাস্থলে মাইক ব্যবহার করে নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘এখানে মিছিল হলে বিশৃঙ্খলা হতে পারে। আমি তাঁকে (ছাত্রদলের সভাপতি) আশ্বস্ত করেছি, আমাদের লোকজনের কেউ ঢুকবে না। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। ছাত্রসংগঠন হিসেবে আমাদের কর্মসূচি থাকবেই। আশা করি, তাঁরা কারও কর্মসূচিতে বাধা দেবেন না। তাঁরা তাঁদের কর্মসূচি পালন করবেন, আমরা আমাদেরটা পালন করব।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, ‘এটা তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দমিছিল প্রবেশ করছিল। সে সময় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। আমরা মাঝখানে মধ্যস্থতা করার পরপরই দুই পক্ষ নিজেদের মতো চলে গেছে।’