
নাটোরের নলডাঙ্গায় বারনই নদের রেলসেতু পার হওয়ার সময় ঢাকাগামী ঈদ স্পেশাল আন্তনগর ট্রেনের ধাক্কায় নদে পড়ে মরু আলী (৫৫) নামের এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
নিখোঁজ মরু আলীর বাড়ি উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামে।
নলডাঙ্গা রেলওয়ের স্টেশনমাস্টার, থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ভ্যানচালক মরু আলী হেঁটে বারনই রেলসেতু পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তনগর ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় বারনই নদে পড়ে নিখোঁজ হন তিনি। স্থানীয় মানুষ অনেক অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নিখোঁজ ভ্যানচালকের খোঁজে কাজ শুরু করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।