ধান কেটে আয় করা ৩ শ্রমিকের ১০ দিনের মজুরি নিয়ে গেল প্রতারক চক্র

৩ জন ধান কাটা শ্রমিকের ১০ দিনের মজুরির টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার সকালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নূরবাগ এলাকায়
ছবি: মাসুদ আলম

১০ দিন ধরে ধান কাটা শ্রমিকের কাজ করে ৭ হাজার ৫০০ টাকা করে মজুরি পেয়েছিলেন গোলাম মোস্তফা (৫৫), জসিম উদ্দিন (৩০) ও তোফাজ্জল হোসেন (৪০)। সেই টাকা নিয়ে বাড়ি ফেরার জন্য রেলস্টেশনে এসেছিলেন তাঁরা। রেলস্টেশনে যাওয়ার পথে বাজার থেকে কাঁচি কিনতে ও নাশতা করতে কিছুটা সময় চলে যায় তাঁদের।

স্টেশনে গিয়ে তাঁরা নির্ধারিত ট্রেনটি পাননি। এ সময় একটি প্রতারক চক্র ট্রাকে করে পৌঁছে দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে কৌশলে ১৯ হাজার ৫০০ টাকা নিয়ে সটকে পড়ে। গতকাল বৃহস্পতিবার সকালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনের পাশে নূরবাগে এ ঘটনা ঘটে।

টাকা হারিয়ে তিন শ্রমিক নূরবাগে কান্না করছিলেন। এ সময় প্রথম আলোর এই প্রতিনিধি তিনজনের সঙ্গে কথা বলে জানতে পারেন তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। প্রতারণার শিকার ধান কাটার শ্রমিক গোলাম মোস্তফা, জসিম উদ্দিন ও তোফাজ্জল হোসেনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার দেউলা গ্রামে। বোরো মৌসুমে ধান কাটার সময় দেশের উত্তরের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও গাইবান্ধা থেকে শ্রমিকেরা যশোর জেলায় ধান কাটতে আসেন। প্রচণ্ড রোদ ও গরমে এ বছর তুলনামূলক কম শ্রমিক এসেছেন।

আলাপকালে প্রতারণার শিকার গোলাম মোস্তফা বলেন, ধান কাটা শ্রমিকের কাজ করার জন্য ১২ দিন আগে তাঁরা ৩ জন তানোর উপজেলা থেকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আসেন। ৩ বেলা খেয়ে দিনে ৭৫০ টাকা মজুরিতে তাঁরা উপজেলার সিদ্দিপাশা গ্রামের কৃষক আনছার আলী ও ইনছার আলীর বাড়িতে ধান কাটার শ্রমিকের কাজ নেন। ১০ দিন কাজ করার পর তাঁরা প্রত্যেকে ৭ হাজার ৫০০ টাকা করে পান। কাজ শেষে গতকাল সকালে তাঁরা বাড়ি ফেরার জন্য রওনা দেন। পথে নওয়াপাড়া বাজারে সকালের নাশতা সেরে তাঁরা তিনজন কাঁচি কেনেন। এরপর তাঁরা নওয়াপাড়া রেলস্টেশনে এসে জানতে পারেন খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ আগে ছেড়ে চলে গেছে। এ সময় দুই ব্যক্তি তাঁদের কাছে এসে একজন ট্রাকের মালিক এবং অন্যজন ট্রাকের চালক হিসেবে পরিচয় দেন। তাঁরা চা-নাশতা বাবদ ১০০ টাকা দিয়ে ট্রাকে নিয়ে যাওয়ার কথা বলে ট্রাকের মালিক পরিচয়দানকারী ব্যক্তি সেখান থেকে চলে যান।

প্রতারক চক্র তাঁর সব টাকা নিয়ে গেছে। এতে খুব বিপদে পড়েছেন। খালি হাতে বাড়ি যাবেন, সেই উপায়ও নেই।
তোফাজ্জল হোসেন, প্রতারণার শিকার শ্রমিক
এই তিন শ্রমিকের ১৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। বৃহস্পতিবার সকালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নূরবাগ এলাকায়

গোলাম মোস্তফা আরও বলেন, তাঁরা ট্রাকে যেতে রাজি হলে চালক পরিচয়দানকারী ব্যক্তি তাঁদের তিনজনকে নিয়ে নওয়াপাড়া রেলস্টেশন থেকে একটু দূরে নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় আসেন। সেখানে আরেকজন অপেক্ষা করছিলেন। চালক তাঁকে ‘অফিসার’ বলে পরিচয় করিয়ে দেন। তাঁরা দুজন মিলে নিরাপদে রাখার কথা বলে তাঁদের কাছ থেকে মজুরির ১৯ হাজার ৫০০ টাকা নেন। এরপর নূরবাগে চালকের সঙ্গে জসিম উদ্দিন ও তোফাজ্জল হোসেনকে দাঁড়িয়ে রেখে ‘অফিসার’ পরিচয়দানকারী ব্যক্তি তাঁদের অফিসে কাগজ সই করানোর কথা বলে তাঁকে (গোলাম মোস্তফা) নিয়ে পাশের মসজিদ মার্কেটে যান। এর কিছুক্ষণ পর একজন মার্কেটের দোতলায় অফিসে যাওয়ার কথা বলেন এবং অন্যজন পাশ থেকে ট্রাক আনতে যাওয়ার কথা বলে সেখান থেকে সটকে পড়েন।

প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে ভীষণ কষ্ট করে ১০ দিন কাজ করে ৭ হাজার ৫০০ টাকা পেয়েছিলেন বলে জানান গোলাম মোস্তফা। তিনি বলেন, প্রতারক চক্র তাঁর মজুরির ছয় হাজার টাকা নিয়ে গেছে। তাঁর কাছে এখন মাত্র ১৮০ টাকা আছে। অভয়নগর থানায় বিষয়টি জানিয়েছেন তিনি।

প্রতারণার শিকার তোফাজ্জল হোসেন বলেন, প্রতারক চক্র তাঁর সব টাকা নিয়ে গেছে। এতে খুব বিপদে পড়েছেন। খালি হাতে বাড়ি যাবেন, সেই উপায়ও নেই।

প্রতারণার শিকার জসিম উদ্দিন আজ শুক্রবার সকালে মুঠোফোনে বলেন, তাঁর কাছে মজুরির ৭ হাজার ৫০০ টাকা ছিল। কাঁচি কিনে এবং নাশতা করার পর ৭ হাজার ২০০ টাকা ছিল। প্রতারক চক্র এর মধ্যে ৭ হাজার টাকা নিয়ে গেছে। থানায় জানানোর পর এক পুলিশ কর্মকর্তা তাঁদের বাড়ি ফেরার জন্য ১ হাজার ২০০ টাকা দিয়েছেন। সেই টাকায় মহানন্দা মেইল ট্রেনে দিবাগত রাত দুইটার দিকে বাড়ি পৌঁছান তাঁরা।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, একটি প্রতারক চক্র ৩ জন ধান কাটা শ্রমিকের কাছ থেকে প্রতারণা করে ১৯ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে। শ্রমিকদের অভিযোগ পাওয়ার পর রেলস্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে প্রতারক চক্রের দুই সদস্যকে তিন শ্রমিকের সঙ্গে কথা বলতে দেখা গেছে। ওই প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এরপর তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে। শ্রমিকেরা যাতে বাড়ি ফিরতে পারেন, এ জন্য তাঁদের কিছু আর্থিক সহায়তা করা হয়েছে।