পদচারী-সেতুর পরিবর্তে নিচ দিয়ে এক্সপ্রেসওয়ে পার হন পথচারীরা। গতিসীমা নির্দিষ্ট থাকলেও মানেন না যানবাহনের চালকেরা। নির্দিষ্ট জায়গার পরিবর্তে যত্রতত্র বাস থামিয়ে চলে যাত্রী ওঠানো-নামানো। এসব অনিয়ম থামাতে কর্তৃপক্ষের নজরদারিও নামমাত্র।
দেশের প্রথম এক্সপ্রেসওয়ে হিসেবে পরিচিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক ঘুরে এই চিত্র দেখা গেছে। ঢাকার যাত্রাবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে যেন মৃত্যুর মিছিল থামছে না।
পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কটি দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে গতি আনলেও একের পর এক কেড়ে নিচ্ছে প্রাণ। উদ্বোধনের পর এক বছরে সড়কটিতে ২৬০টি দুর্ঘটনায় ৯৪ জন মারা গেছেন।
মহাসড়কে চলাচল করার ক্ষেত্রে অনেক যানবাহন আইন মানছে না। আইন না মানার কারণেই দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন তাদের জরিমানা করা হচ্ছে। এরপরও তারা বেপরোয়াভাবে চলাচল করছে।হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম রাশেদুল হাসান
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে আরেক পাশে যেতে ২১টি পদচারী-সেতু রয়েছে। নিচ দিয়ে মানুষের পারাপার ঠেকাতে মহাসড়কের দুই পাশে ৩ ফুট উঁচু স্টিলের রেলিং রয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জাজিরা-ভাঙ্গা অংশ ঘুরে দেখা গেছে, স্টিলের ওই রেলিং টপকে অনায়াসে সড়কের এপার থেকে ওপার যাচ্ছেন পথচারীরা। এ চলাচল রোধে কোনো তদারকি চোখে পড়েনি।
বেলা ১১টার দিকে ভাঙ্গার বগাইল টোল প্লাজার উত্তর পাশে দেখা গেল, এক্সপ্রেসওয়ের পূর্ব পাশে একটি বাস থেকে নামলেন এক নারী। তাঁর সঙ্গে তিনটি ব্যাগ। তিনি সেগুলো নিয়ে সড়ক দিয়ে হেঁটে এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশে এলেন। গ্রামে ঈদ করতে আসা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করা ওই নারী বলেন, বাস পদচারী-সেতুর পাশে না থামিয়ে দূরে নিয়ে থামিয়েছে। ফলে তাঁকে এভাবে মহাসড়ক পার হতে হয়েছে।
কিছু দূরে তুজারপুর এলাকায় পদচারী-সেতুর কাছে গিয়ে দেখা যায়, সড়ক পারাপারের জন্য কিছু জায়গায় দুই পাশের কাঁটাতারের বেড়া কেটে ফেলা হয়েছে। পথচারীদের কেউ পদচারী-সেতু ব্যবহার করছেন না। সবাই হেঁটে সড়ক পার হচ্ছেন। কারণ জানতে চাইল এক পথচারীর উত্তর, ব্যাগ নিয়ে পদচারী-সেতু পার হতে সমস্যা।
উচ্চগতি থাকায় পুলিশ সদস্যরা গাড়িটিকে থামতে সংকেত দেন। এতেও গাড়িটি কোনো ভ্রুক্ষেপ না করেই সামনের দিকে এগোতে থাকে। পুলিশের ওই সদস্যরা সড়কের কিছুটা মাঝখানে গিয়ে থামানোর চেষ্টা করেন। তবে পুলিশকে তোয়াক্কা না করেই গাড়িটি চলে যায়। তখন পুলিশ সদস্যদের অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়।
মালিগ্রাম উড়ালসেতুর কাছে দেখা গেল, চলাচলকারী বাসগুলোর জরুরি যাত্রাবিরতি হিসেবে সড়কে যে বাড়তি অংশ তৈরি করা হয়েছে, সেখানে না থেমে এক্সপ্রেসওয়ে থেকে যাত্রী ওঠা-নামা করছে। সূর্যনগর যাত্রাবিরতি, বন্দরখোলা যাত্রাবিরতি ও পাচ্চর যাত্রাবিরতি এলাকায়ও একই চিত্র দেখা গেছে।
যদিও এক্সপ্রেসওয়েতে জরুরি যাত্রাবিরতির স্থান বলে কিছু থাকার কথা নয়। কিন্তু দেশের বাস্তবতার নিরিখে এটি রাখতে হয়েছে বলে জানান মুন্সিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ নাহিন রেজা।
হাইওয়ে মাদারীপুর রিজয়নের পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, নিচু হওয়ায় পথচারীরা রেলিং টপকে যেভাবে ঝুঁকি নিয়ে এক্সপ্রেসওয়ে পার হচ্ছেন, তাতে দুর্ঘটনা ঘটছে। প্রতি মাসেই দুই থেকে তিনজন পথচারী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মারা যাচ্ছেন।
গত শনিবার দুপুরে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী শ্রীনগর ফেরিঘাট যাত্রীছাউনির সামনে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তাঁরা যন্ত্রের সাহায্যে সড়কে চলাচলকারী গাড়ির গতি মাপছিলেন। উচ্চগতির জন্য দুটি প্রাইভেট কারকে জরিমানা করার মধ্যেই দ্রুতগতিতে মেরুন রঙের আরেকটি প্রাইভেটকারকে ছুটে আসতে দেখা যায়।
উচ্চগতি থাকায় পুলিশ সদস্যরা গাড়িটিকে থামতে সংকেত দেন। এতেও গাড়িটি কোনো ভ্রুক্ষেপ না করেই সামনের দিকে এগোতে থাকে। পুলিশের ওই সদস্যরা সড়কের কিছুটা মাঝখানে গিয়ে থামানোর চেষ্টা করেন। তবে পুলিশকে তোয়াক্কা না করেই গাড়িটি চলে যায়। তখন পুলিশ সদস্যদের অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়।
দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, সামনে গাড়িটি আটকাতে পুলিশের অন্য কোনো দল নেই। এভাবেই নিয়ম অমান্য করে চালকেরা প্রতিদিন গাড়ি চালাচ্ছেন।
হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, এই মহাসড়কে যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেটকারচালক কেউ এ নিয়ম মানছেন না। তাঁরা ১০০-১২০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছেন। আগে যাওয়ার জন্য প্রতিনিয়ত প্রতিযোগিতা করছেন।
ষোলোঘর ছাউনিতে অপেক্ষমাণ শ্রীনগরের খইয়ারগাঁও এলাকার বাসিন্দা আল আমিন বলেন, মহাসড়ক নতুন হলেও ত্রুটিযুক্ত পুরোনো গাড়িগুলোই এ সড়কে চলছে। চালকেরাও উদাসীন। বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন।
নিয়ম না মানার বিষয়টি স্বীকার করলেন এক্সপ্রেসওয়েতে চলাচলকারী সোনালী পরিবহনের যাত্রী চেকিংয়ের দায়িত্বে থাকা মো. সোবাহান মোল্লা। তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে এক থেকে দেড় শতাধিক পরিবহনের গাড়ি চলাচল করে। শুধু নিয়ম না মানায় এসব গাড়ি প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়ে।
মাদারীপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা, গত এক বছরে জাজিরা-ভাঙ্গা অংশে ৪৯টি দুর্ঘটনায় মারা গেছেন ৬৮ জন। এর মধ্যে বড় চারটি দুর্ঘটনায় মারা গেছেন ৩৭ জন। গত ২৪ জুন এক্সপ্রেসওয়ের মালিগ্রাম উড়ালসড়কে সামনের চাকা ফেটে একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগে চালকসহ আটজনের মৃত্যু হয়। এর আগে ১৯ মার্চ শিবচরের কুতুবপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়ে গেলে ১৯ জন নিহত হন।
১৭ জানুয়ারি রাত পৌনে চারটার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সামনের অংশ চলন্ত একটি ট্রাকের দিকে চলে গেলে মারা যান আটজন। গত বছর ২৯ ডিসেম্বর ভাঙ্গার সলিলদিয়া এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে একটি প্রাইভেট কার আঘাত করলে এক দম্পতি ও তাঁদের এক শিশুসন্তানসহ চারজন নিহত হন। গত জানুয়ারিতে ভাঙ্গার বগাইল টোল প্লাজার আশপাশে পাঁচ পথচারীর মৃত্যু হয়।
গত ২০ এপ্রিল বিকল একটি ট্রাক ষোলোঘর এলাকায় সড়কের মধ্যে দাঁড়িয়ে ছিল। এ সময় বেপরোয়া গতির পদ্মা পরিবহনের যাত্রীবাহী বাস সেটিতে ধাক্কা দেয়। এতে পাঁচজন মারা যান। গত ২৫ জুন পদ্মা সেতু উত্তর থানা এলাকায় বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় কর্তব্যরত পুলিশ সদস্যসহ দুজন নিহত হন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম রাশেদুল হাসান প্রথম আলোকে বলেন, মহাসড়কে চলাচল করার ক্ষেত্রে অনেক যানবাহন আইন মানছে না। আইন না মানার কারণেই দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন তাদের জরিমানা করা হচ্ছে। এরপরও তারা বেপরোয়াভাবে চলাচল করছে।
বাসের উচ্চগতির জন্য অবশ্য যাত্রীদের দোষারোপ করছেন পরিবহনমালিকেরা। এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাঙচিল পরিবহন নামের একটি কোম্পানির একজন মালিক মাহমুদ আলম প্রথম আলোকে বলেন, এই সড়কে প্রতিটি গাড়ি ১২০ কিলোমিটারের ওপরে চলে।
কম গতিতে গাড়ি চালালে যাত্রীরা গাড়িতে উঠতে চান না। চালক-হেলপারকে গালাগাল করেন। নির্দিষ্ট স্থানে গাড়ি না থামানোর পেছনেও তিনি যাত্রীদের দায়ী করেন। মাহমুদ আলম বলেন, যাত্রীরা নির্ধারিত স্থানে আসতে চান না। যে যেখানে আছেন, সেখান থেকে গাড়িতে উঠতে চান। নির্দিষ্ট স্থানে নামতেও চান না। যাঁর যেখানে ইচ্ছা সেখানে নামেন।
এক্সপ্রেসওয়ের চারটি লেন আলাদামুখী। এ জন্য যানবাহনগুলোর মুখোমুখি সংঘর্ষ হওয়ার কোনো আশঙ্কা নেই। এখানে শুধু অতিরিক্ত গতি, আগে যাওয়ার প্রতিযোগিতা, যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ জন্য জনসচেতনতার দিকে গুরুত্ব দিয়ে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হচ্ছে বলে জানান মুন্সিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ নাহিন রেজা। তিনি প্রথম আলোকে বলেন, সম্পূর্ণ সড়কের কিছুদূর পরপর গতিসীমা প্রদর্শন করা হয়েছে। দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোয় এ বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ২১টি স্থানে পদচারী-সেতু নির্মাণ করা হয়েছে।
নাহীন রেজা বলেন, রাস্তার মধ্যে অপটিক্যাল ফাইবার বসানো হয়েছে। সেই সঙ্গে বড় বড় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হচ্ছে। এগুলোর মাধ্যমে গাড়ির গতি পর্যবেক্ষণ করে নম্বরসহ রেকর্ড করা হবে। এতে যাঁরা আইন অমান্য করবেন, তাঁদের খুব সহজেই শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।