
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও তাঁর প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটমাঝি ইউপির চেয়ারম্যান বাবুল হাওলাদার ও ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমান দর্জির সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে ভদ্রখোলা এলাকায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। এ সময় অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। ছয়টি দোকান, তিনটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন।
খবর পেয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশ। পুনরায় সংঘর্ষ এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত একজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০২২ সালের ৩১ জানুয়ারি ঘটমাঝি ইউপির নির্বাচনে জয়ী হন বাবুল হাওলাদার। তিনি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। পরাজিত প্রার্থী খলিলুর রহমান দর্জি সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
এ বিষয়ে জানতে বাবুল হাওলাদার ও খলিলুর রহমান দর্জির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ভদ্রখোলা এলাকার মজিবুর রহমান বলেন, সকালে দুই পক্ষ প্রথমে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলাদাভাবে একটি মাঠে জড়ো হয়। পরে হাতবোমার বিস্ফোরণ ঘটায়, পাশাপাশি টেঁটা নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
হামলায় ক্ষতিগ্রস্ত সিরাজ হাওলাদার বলেন, ‘শুধু এলাকার মাতুব্বরি টিকিয়ে রাখার জন্য দুটি পক্ষ প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয়। আর ক্ষতি হয় আমাদের। এভাবে আর কতকাল চলবে? আমরা এই ঘটনার বিচার চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটমাঝির বর্তমান চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।