ঈদের সালামি হিসেবে শিশুদের একটি করে গাছের চারা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট শেখপাড়া এলাকায়
ঈদের সালামি হিসেবে শিশুদের একটি করে গাছের চারা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট শেখপাড়া এলাকায়

শিশুরা ঈদের সালামি পেল একটি করে দেবদারুগাছ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সালামি হিসেবে একটি করে গাছের চারা দেওয়া হয়েছে শিশুশিক্ষার্থীদের। আজ শনিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট শেখপাড়া এলাকায় ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’র উদ্যোগে এ আয়োজন করা হয়। ৫০ জন শিশুকে একটি করে দেবদারুগাছের চারা দেওয়া হয়।

পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা মাহবুবুল ইসলাম (পলাশ)। তিনি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। এলাকায় তিনি বৃক্ষপ্রেমী হিসেবে পরিচিত। তিনি ২০২২ সালে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার (সারা দেশে দ্বিতীয়) এবং কৃষিতে জাতীয় পুরস্কার (১৪২৬ বাংলা সন) পেয়েছেন।

মাহবুবুল ইসলাম বলেন, এবার প্রচলিত অর্থের সালামির পরিবর্তে শিশুদের হাতে একটি করে পরিবেশবান্ধব গাছের চারা দেওয়া হয়েছে। সাধারণত ঈদ সালামি মানেই টাকা; কিন্তু সেই ধারা থেকে বেরিয়ে এসে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা জাগ্রত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহবুবুল ইসলাম আরও বলেন, গাছ শুধু একটি উপহার নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেঁচে থাকার নিশ্চয়তা। একজন নাগরিকের কমপক্ষে তিনটি করে বৃক্ষ রোপণ করা উচিত। তিনি ঈদের দিন বিরল প্রজাতির বুদ্ধা নারিকেলগাছ রোপণ করেছেন। গাছ মহান আল্লাহতায়ালার এক বিশেষ নেয়ামত। গাছপালা ছাড়া পৃথিবী প্রাণহীন হয়ে পড়বে। একটি অঞ্চলে যত বেশি গাছ থাকে, সেই অঞ্চল তত বেশি জীবন্ত ও বাসযোগ্য হয়ে ওঠে।

পরিবেশ ও প্রকৃতির পাঠশালার শিক্ষার্থী কাওসার আহমেদ জানায়, গাছ পেয়ে সে খুশি। আগামী ঈদেও টাকার পরিবর্তে গাছের চারা উপহার চায়।

জিহাদ হোসেন নামের অষ্টম শ্রেণির আরেক শিক্ষার্থী বলে, ‘গাছ আমাদের জীবন বাঁচায়। ঈদের দিন গাছ পেয়ে খুশি হয়েছি। এটি বাড়ির আঙিনায় রোপণ করব।’