মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর হামলায় হাফিজ মিয়া (৮০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ভোরে ফজরের নামাজের সময় উপজেলার পশ্চিম লইয়ারকুল কুমিল্লা পাড়ার ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জসিম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজ মিয়া মসজিদের ইমামের অনুপস্থিতিতে আজান দিতেন এবং ইমামতির দায়িত্বও পালন করতেন। আজ ভোরে প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায়ের জন্য তিনি মসজিদে যান। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম মিয়া তাঁর ওপর হামলা চালান। এ সময় একটি কলম দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপরই এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা–পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক করার সময় জসিম মিয়ার আচরণ ছিল অস্বাভাবিক। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফয়সাল জামান প্রথম আলোকে বলেন, ‘নিহত হাফিজ মিয়ার মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত শেষে আমরা তাঁর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছি। ধারণা করছি, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।