জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে হত্যা, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে নূর বানু (৬০) নামের এক নারীকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রুবেল ও কামরুজ্জামান। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর গ্রামে। তাঁরা নিহত নূর বানুর প্রতিবেশী।

আদালতের সরকারি কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল জানান, রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর গ্রামের নূর বানুর প্রায় ২ শতাংশ জমি দখল করে রাখেন প্রতিবেশী দুই ভাই জাহাঙ্গীর ও রুবেল। এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিস হলেও অভিযুক্ত ব্যক্তিরা তা না মানায় এর কোনো সমাধান হয়নি। তবে সালিসের কারণে প্রায় সময় নূর বানুকে সপরিবার হত্যার হুমকিও দিয়েছিলেন ওই দুই ভাই। পূর্বপরিকল্পনা অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন নূর বানুকে করাত দিয়ে গলা কেটে হত্যা করেন অভিযুক্ত দুই ভাই ও তাঁদের সহযোগীরা।

এ ঘটনার পরদিন ১ জুলাই নিহত নারীর ছেলে ইলিয়াস মিয়া বাদী হয়ে জাহাঙ্গীরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করলে জামিনে থাকা অবস্থায় মূল আসামি জাহাঙ্গীরের মৃত্যু হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আরও দুজনকে আসামি করে ২০২২ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিদের মধ্যে কামরুজ্জামান কামু হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন। আদালত ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার রায় ঘোষণা করেন।

তবে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন নিহত নারীর স্বজনেরা। নূর বানুর মেয়ে সেলিনা আক্তার বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম আদালত আসামিদের ফাঁসি দেবেন, কিন্তু দেননি। আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করব।’