
কক্সবাজারের টেকনাফে ঝোড়ো হাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিদ্যুতের তার। সঞ্চালন তারটিতে বিদ্যুৎ নেই ভেবে হাত দিয়েছিলেন মোহাম্মদ বাদশা (৩৫) নামের এক খামারি। মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত দিলদার আহমদের ছেলে। তিনি খামারি ছিলেন। খামারের পাশাপাশি তিনি হ্নীলা বাজারে ছোলা-মুড়ির দোকান করতেন তিনি।
নিহত ব্যক্তির ছোট ভাই মোহাম্মদ মামুন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তাঁর ভাই বাদশা গরুর খামারে গিয়ে কাজ করছিলেন। এ সময় তিনি আগের রাতে ঝোড়ো হাওয়ায় ঝুলে থাকা বিদ্যুতের তার দেখতে পান। বিদ্যুৎ নেই ভেবে তিনি তারে হাত দিয়েই চিৎকার করে মাটিতে লুটে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক কয়েক দফার ঝোড়ো হাওয়ায় বেশ কিছু বিদ্যুৎ খুঁটি ভেঙে গেছে। তারও ছিঁড়ে গেছে। অসতর্কতাবশত ছেঁড়া তার এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে প্রায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ছেঁড়া তার সংস্কার করতে পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিদ্যুতের তারে জড়িয়ে খামারির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।