গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত দল। এ সময় তাঁর স্বামী ও মেয়ে গুরুতর আহত হন। আজ শনিবার ভোররাতে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম কামরুন নাহার আক্তার (৩৫)। তিনি নগরবেলা গায়েনবাড়ি এলাকার বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের (৪১) স্ত্রী। হামলায় গুরুতর আহত হয়েছেন মঞ্জুরুল ইসলাম ও তাঁর মেয়ে সানজিদা আক্তার (১৬)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, শনিবার ভোররাত চারটার দিকে মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ১০-১২ জনের একটি ডাকাত দল ভেতরে ঢোকে। এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে তারা। ডাকাতদের কাজে বাধা দিয়ে চিৎকার শুরু করলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের কোপাতে থাকে।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাত দলের আঘাতে মঞ্জুরুলের স্ত্রী কামরুন নাহার ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফয়জুর রহমান বলেন, দুর্বৃত্তদের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ছাড়া তাঁর স্বামী ও মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বজনেরা হাসপাতালে নিয়ে গেছেন। বাড়ির সদস্যরা হাসপাতালে থাকায় কোনো মালামাল খোয়া গেছে কি না, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ডাকাত বেশে এসে এই হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসছেন। তাঁরা ভেতরে প্রবেশের পর বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।