বাদ্যের তালে তালে রং উড়িয়ে বর্ণিল শোভাযাত্রা। আজ শুক্রবার সকালে বরিশাল নগরের বগুড়া রোডে
বাদ্যের তালে তালে রং উড়িয়ে বর্ণিল শোভাযাত্রা। আজ শুক্রবার সকালে বরিশাল নগরের বগুড়া রোডে

শতবর্ষে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুই দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রায় বিভিন্ন ব্যাচের প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

ঢাক–ঢোল বাজিয়ে শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান। তিনি বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের জন্য আজ অত্যন্ত গৌরবের দিন। প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়েছে।

প্রাক্তনদের স্মৃতিচারণা

অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে এসেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক শিক্ষক জাহানারা বেগম (পুতুল আপা)। পড়াশোনা শেষে তিনি এই বিদ্যালয়েই ৩৮ বছর শিক্ষকতা করে অবসর নিয়েছেন। তিনি বলেন, ‘প্রাণের টানে ছুটে এসেছি। সবাই একত্র হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছে আমরা আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি।’

দীর্ঘদিন পর দেখা হওয়ায় অনেকে স্মৃতিকাতর হয়ে পড়েন। শোভাযাত্রা শেষে তাঁরা গল্প–আড্ডায় ফিরে যান পুরোনো দিনে।

বিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষার্থী, বরিশাল সরকারি বিএম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জেলা মহিলা পরিষদের সভাপতি শাহ সাজেদা প্রথম আলোকে বলেন, ‘আজকের দিনটি আমাদের স্মৃতিতে সজীব থাকবে। দুই দিন আমরা একসঙ্গে কাটাব, ফিরে যাব কিশোরী জীবনের উচ্ছল দিনগুলোতে।’

দুই দিনের আয়োজনে সাংস্কৃতিক ও স্মৃতিচারণামূলক নানা অনুষ্ঠান রাখা হয়েছে। এ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে।

ভিড়ের মধ্যে কয়েকজন সেলফি তোলায় ব্যস্ত। আজ শুক্রবার সকালে বরিশাল নগরের বগুড়া রোডে

নারী শিক্ষার অগ্রযাত্রা ও মুক্তিযুদ্ধে ভূমিকা

বরিশালে নারী শিক্ষা প্রসারের ইতিহাস দীর্ঘ ও সংগ্রামের। ১৮৬৮ সালে ব্রাহ্ম সমাজের উদ্যোগে নারীদের জন্য প্রথম একটি বিদ্যালয় স্থাপিত হলেও রক্ষণশীল সমাজের অসহযোগিতায় তা অল্প দিনেই বন্ধ হয়ে যায়। ১৮৭১ সালে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক জগদ্বন্ধু রাহা ও কয়েকজন সমাজকর্মীর উদ্যোগে গঠিত ‘নারীকল্যাণ সভা’ মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে বার্ষিক পরীক্ষা ও পুরস্কারের ব্যবস্থা করে। সেটিও স্থায়ী হয়নি।

১৮৭৩ সালে সমাজকর্মী, শিক্ষানুরাগী ও বরিশাল পৌরসভার একাধিকবারের চেয়ারম্যান শরৎচন্দ্র গুহ কয়েকজনকে সঙ্গে নিয়ে বগুড়া রোডে নিজের জমিতে মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯২৩ সালে এটি ‘বরিশাল সদর বালিকা উচ্চবিদ্যালয়’ নামে স্থায়ী রূপ পায়। ১৯৪৫ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন কবি জীবনানন্দ দাশের পিসি (ফুপু) স্নেহলতা দাশ। ১৯৬১ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং এর নাম হয় ‘বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়’।

শোভাযাত্রায় ঘোড়ার গাড়িও ছিল। আজ শুক্রবার সকালে বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউতে

নারী জাগরণ ও অগ্রযাত্রায় বরিশালের এই বিদ্যাপীঠের ভূমিকা ছিল। এই বিদ্যালয়ে পড়েছেন ‘ঈশান স্কলার’ শান্তিসুধা ঘোষ (১৯০৭–১৯৯২)।

একাত্তরের মুক্তিযুদ্ধেও এ বিদ্যালয়ের ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের শুরুর দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের প্রথম সচিবালয় প্রতিষ্ঠিত হয়। এখান থেকেই মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও যুদ্ধ পরিচালনার জন্য গঠিত হয়েছিল ‘সংগ্রাম পরিষদ’।

শতবর্ষ উদ্‌যাপনে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়টি শিক্ষার পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও ক্রীড়ায় দেশজুড়ে সুনাম অর্জন করেছে। মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রেও এর অবদান আছে বলে তাঁরা মনে করেন।