চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে কয়েক শ স্থানীয় মানুষ। দুই লেনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এই অবরোধ শুরু করেন তাঁরা। বেলা পৌনে একটায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে।
দুপুর সাড়ে ১২টায় দেখা যায়, অবরোধকারীরা উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে ছয় লেনের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে মহাসড়কের দুই পাশে দুই কিলোমিটার করে প্রায় চার কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ঘটনাস্থলে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করতে দেখা যায় পুলিশ সদস্যদের।
অবরোধকারীদের একজন স্থানীয় বাসিন্দা আমিনুল এহেসান। সরু মহাসড়কটিতে দুর্ঘটনা আর যানজট লেগে থাকে জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার করে ৬ লেনে উন্নীত করতে হবে। আমরা আশার বাণী অনেক শুনেছি। সরকারকে আগামী এক মাসের মধ্যে এই মহাসড়ক ছয় লেনে উন্নীত করার সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।’
বেলা পৌনে একটায় ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। আন্দোলনকারীদের মহাসড়ক ছয় লেন করার বিষয়ে আশ্বস্ত করে বক্তব্য দিতে দেখা যায় তাঁকে। ঘটনাস্থলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও থানার ওসি আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘৬ লেনের দাবিতে ছাত্র-জনতা মহাসড়ক অবরোধ করেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। তাঁদের সঙ্গে কথা বলে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’