বরগুনায় আওয়ামী লীগ নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জের ও আধিপত্যকে কেন্দ্র করে বরগুনায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ৫৮ জনকে আসামি করে মামলা হয়েছে। শফিকুলের স্ত্রী মারজিয়া আকতার বাদী হয়ে আজ বৃহস্পতিবার বরগুনা সদর থানায় ওই মামলা করেন। এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শফিকুল বরগুনা সদর উপজেলার পাকুরগাছিয়া গ্রামের বাসিন্দা। তিনি আয়লা-পাতাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. হৃদয় হাসান, মো. সাইফুল ইসলাম, মশিউর রহমান, স্বপন হাওলাদার, মো. চান মিয়া, মো. সুজন ও মো. জসিম মৃধা।

মামলার এজাহারে বলা হয়, আয়লা–পাতাকাটা ইউপি নির্বাচনে ২০২১ সালে ৩ নম্বর ওয়ার্ডে সদস্যপদে পাকুরগাছিয়ায় শফিকুল ইসলাম ও মোতাহার মৃধা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দুই মাস আগে মোতাহার ও আকাইদ হোসেন আওয়ামী লীগ নেতা শফিকুলের হাত-পা ভেঙে দেন। এ ছাড়া ২০১৮ সালের ২৯ অক্টোবর ওই পক্ষ আয়লা বাজারে শফিকুলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। দুটি ঘটনায় কুদ্দুস খাঁ, মোতাহার, আকাইদসহ একাধিক ব্যক্তির নামে মামলা হয়। ২০২১ সালের ২১ জুন নির্বাচনে মোতাহার মেম্বার নির্বাচিত হন। আগের ঘটনার রেশ ধরে গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় মোতাহার, কুদ্দুস ও আকাইদ বাহিনী শফিকুলের বাড়িতে হামলা করে। এ সময় শফিকুল বসতঘরে ছিলেন। আকাইদ, মোতাহার, কুদ্দুস ও আকাইদ–মোতাহার বাহিনীর ৪০–৫০ জন রামদা, টেঁটা, তিন কাঁটাবিশিষ্ট সুচালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে শফিকুলকে ঘর থেকে প্রথমে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে জখম করেন।

আসামিরা শফিকুলের বুক, পিঠ, হাত–পা, কপাল ও মাথায় অন্তত ৫০টি কোপ দেন। শফিকুলের বুকে টেঁটা মেরে মৃত্যু নিশ্চিত করেন তাঁরা। তাঁর লাশ নিয়ে যাওয়ার সময় শফিকুলের স্ত্রী ও ছেলে বাধা দিলে সন্ত্রাসীরা তাঁদের পেটান। লাশ নিতে না পেরে আসামিরা ঘরের সামনের বারান্দায় সোফায় আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

এদিকে হত্যা মামলার আসামি আকাইদের মা রোকেয়া বেগম বাদী হয়ে নিহত শফিকুলের ছেলে সাজিদুল ইসলামসহ ২১ জনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করেছেন। এই মামলায় নেয়ামুল, রাব্বি ও মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, আজ নিহত শফিকুলের স্ত্রী মারজিয়া আকতার বাদী হয়ে আকাইদসহ ৫৮ জনের নামে একটি মামলা করেছেন। এ পর্যন্ত উভয় পক্ষের ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।