কুড়িগ্রামের চিলমারী

রাস্তা–হাটের ইট তুলে আত্মসাৎ

উপজেলার নয়ারহাট ইউনিয়নে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতার বিরুদ্ধে ওই ইট তুলে নেওয়ার অভিযোগ।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতার বিরুদ্ধে হাটশেডের ইট ও পাশের রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম আবদুল হামিদ। তিনি নয়ারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। যুবলীগ নেতার নাম আমির হোসেন প্রামাণিক। তিনি নয়ারহাট ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি। তাঁদের বিরুদ্ধে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।

ওই অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া বাজারের একতলা হাটশেড ঘর ও পাশের রাস্তার প্রায় ২০ হাজার ইট ওই ইউপি সদস্য ও যুবলীগ নেতা ভাগ–বাঁটোয়ারা করে নিয়েছেন। এখনো আমির হোসেন প্রামাণিকের বাড়িতে কিছু ইট ও কংক্রিটের খুঁটি এবং ইউপি সদস্য আবদুল হামিদের তত্ত্বাবধানে কিছু ইট বাজারে রয়েছে।

স্থানীয় লোকজনের পক্ষে অভিযোগকারী রুবেল হোসেন বলেন, প্রায় ছয় মাস আগে খাউরিয়া বাজার ব্রহ্মপুত্র নদের ভাঙনের মুখে পড়ে। তখন ওই দুজন মিলে একতলা হাটের শেড ঘরটি ভেঙে নিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাঁদের বাধা দেন। তখন তাঁরা বলেন, এই ইট দিয়ে আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয় বানাবেন। ইটগুলো আমির হোসেন নিজ বাড়ি ও কিছু ইট বাজারে রাখেন। পরে তাঁরা কৌশলে ইটগুলো নিজেদের মধ্যে ভাগ–বাঁটোয়ারা করে নেন।

* প্রায় ছয় মাস আগে খাউরিয়া বাজার ব্রহ্মপুত্র নদের ভাঙনের মুখে পড়ে। * একতলা হাটশেড ঘর ও পাশের রাস্তার প্রায় ২০ হাজার ইট তখন তুলে নেওয়া হয়।

নয়ারহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বলেন, ওই যুবলীগ নেতা ও ইউপি সদস্য ভবন ভেঙে ইটগুলো প্রথমে স্থানীয় মসজিদে জমা রাখেন। পরে কিছু ইট হারিয়ে গেলে কিছু ইট বাজারে ইউপি সদস্যের তত্ত্বাবধানে রেখে বাকি ইট যুবলীগ নেতা তাঁর নিজ বাড়িতে নিয়ে যান এবং গোপনে বিক্রি করে দেন। সরকারি সম্পত্তি দিয়ে আওয়ামী লীগ অফিস বানানোর নাম করে নিয়ে যাওয়ার কোনো বৈধতা নেই।

এ বিষয়ে ইউপি সদস্য আবদুল হামিদ বলেন, ‘হাটের ঘর ও বাজারের পাশের রাস্তা ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছিল। তাই আমরা আওয়ামী লীগ অফিস করার জন্য ভেঙে এনে রেখেছি। পরে এখান থেকে কিছু ইট হারিয়ে যায়। তাই যুবলীগ নেতা আমির হোসেন প্রামাণিকের বাসায় ইট রাখা হয়েছে। কিছু ইট আমার তত্ত্বাবধানে বাজারেই আছে। আমরা কোনো ইট বিক্রি করিনি।’

সরকারি সম্পত্তি নিলাম না করে বা উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া নেওয়ার বিষয়ে আবদুল হামিদ বলেন, ‘চোখের সামনে একতলা ভবন নদীতে ভেঙে যাচ্ছিল। তাই আমরা ইট আমাদের তত্ত্বাবধানে জমা রেখেছি। প্রয়োজন হলে নিলাম করা হবে।’

যুবলীগ নেতা আমির হোসেন প্রামাণিকের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।

ইউএনও মাহবুবুর রহমান বলেন, ‘স্থানীয় ব্যক্তিদের অভিযোগ পেয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা চাইলে নদীভাঙনে বিলীন যেকোন সম্পদ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে তাঁদের হেফাজতে রাখতে পারবেন। তবে নিলাম ছাড়া সরকারি সম্পদ দখলে নেওয়ার সুযোগ নেই। বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’