ঝালকাঠির দুটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া জীবা আমিনা খান ও মাহমুদা আলম
ঝালকাঠির দুটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া জীবা আমিনা খান ও মাহমুদা আলম

সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, সব মিলিয়ে চারজনের তিনজন নারী

ঝালকাঠিতে সরাসরি নির্বাচিত দুজন সংসদ সদস্যের পাশাপাশি সংরক্ষিত নারী আসন থেকেও দুজন মনোনয়ন পেয়েছেন। তাঁদের তিনজনই নারী। চার সংসদ সদস্যের বাড়ি জেলার চার উপজেলায়।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ জনের তালিকা ঘোষণা করেছে বিএনপি। তালিকায় ১২ নম্বরে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সহসভাপতি জীবা আমিনা খান। তিনি ঝালকাঠি-২ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামে। তাঁর বাবা আক্তার উদ্দিন আহমেদ পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন।

সংরক্ষিত নারী আসনে ১১–দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টির নেত্রী মাহমুদা আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁর পৈতৃক বাড়ি ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামে। তিনি ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান। পরে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে নির্বাচিত হন বিএনপির রফিকুল ইসলাম। তাঁর গ্রামের বাড়ি রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের চল্লিশ কাহনিয়া গ্রামে। অন্যদিকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসন থেকে সংসদ সদস্য হন বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তাঁর স্বামীর বাড়ি নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে।

এর ফলে ঝালকাঠির চারটি উপজেলা—রাজাপুর, নলছিটি, সদর ও কাঁঠালিয়া এবার সংসদে আলাদা প্রতিনিধি পাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, একই জেলার একাধিক প্রতিনিধির কারণে বিভিন্ন এলাকার সমস্যা সংসদে পৃথকভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। এতে উন্নয়ন কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন বলেন, আগে একটি আসনের সমস্যা অনেক সময় অন্য এলাকায় গুরুত্ব পেত না। এখন চারজন সংসদ সদস্য থাকায় প্রত্যেকে নিজ নিজ এলাকার বিষয়গুলো সংসদে তুলে ধরতে পারবেন। জেলার মানুষের প্রত্যাশা, যোগাযোগব্যবস্থা, নদীভাঙন, শিক্ষা, স্বাস্থ্যসহ দীর্ঘদিনের সমস্যাগুলো এবার আরও জোরালোভাবে জাতীয় পর্যায়ে আলোচিত হবে।