
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাতটি ইউনিয়ন সোমবার দুপুর থেকে বিদ্যুৎহীন রয়েছে। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার লোকজন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, আশুগঞ্জ থেকে আসা বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে সদরসহ সাতটি ইউনিয়ন পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন। বাকি অংশ পল্লী বিদ্যুৎ সমিতির অধীন। এখানে পিডিবির মোট গ্রাহকসংখ্যা প্রায় ৫০ হাজার। আশুগঞ্জ থেকে আসা ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির কারণে সোমবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এর আগে গত শনিবার দুপুরে সরাইলে কালবৈশাখী ও শিলাবৃষ্টির কারণে উপজেলার নয়টি ইউনিয়ন ওই দিন দুপুর থেকে রাত দেড়টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল। উপজেলার সদর, কালীকচ্ছ, চুন্টা, নোয়াগাঁও, শাহবাজপুর, শাহজাদাপুর ও পানিশ্বর ইউনিয়নের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস ধরে এখানে লোডশেডিং চলছে। গরম বাড়লে লোডশেডিংও বাড়ে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে, বৈদ্যুতিক সরঞ্জামও নষ্ট হচ্ছে।
সরাইলের প্রত্যন্ত শাহজাদাপুর গ্রামের বাসিন্দা ভরত দাশ প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখানে একবার বিদ্যুৎ গেলে দুই–এক দিন পরে আসে। অভিযোগ দিলেও কাজ হয় না।’
পিডিবির সরাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রথম আলোকে জানান, আশুগঞ্জে অবস্থিত ৩৩ কেভি সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। কুমিল্লা থেকে কাজের জন্য লোকজন আসছেন। তাঁরা রাত আটটার মধ্যে এসে পৌঁছাবেন। এরপর সঞ্চালন লাইনে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হবে।