চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে মারধরের অভিযোগ, তদন্তে দুটি কমিটি গঠন

কুড়িগ্রাম জেলার মানচিত্র
কুড়িগ্রাম জেলার মানচিত্র

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়া মো. জাহাঙ্গীর আলম (৬১) নামের এক রোগীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘ‌টে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হাসান ও একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ তদন্তে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি কমিটিকে আগামী পাঁচ কর্মদিব‌স ও আরেক কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জেলা সি‌ভিল সার্জন মঞ্জুর-এ মু‌র্শেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার প‌রিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নি‌শ্চিত ক‌রেন।

ভুক্ত‌ভোগী জাহাঙ্গীর আলম উপজেলার থানাহাট ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার মৃত শমছ উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৮ মার্চ থে‌কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসাধীন।

জাহাঙ্গীর আলম বলেন, শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল বিকেলে তিনি ব্যবস্থাপত্রের ওষুধ পরিবর্তন করে নিতে চিকিৎসক মাহমুদুল হাসানের কক্ষে যান। সেখানে প্রবেশ করার পর বিক্রয় প্রতিনিধি আরিফ তাঁর হাত থেকে ব্যবস্থাপত্র কেড়ে নেন। ওই সময় মাহমুদুল হাসান ফোনে কথা বলছিলেন। ব্যবস্থাপত্র কেড়ে নেওয়ার প্রতিবাদ করায় বিক্রয় প্রতি‌নি‌ধির সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে মাহমুদুল হাসান তেড়ে আসেন। পরে মাহমুদুল হাসান ও আরিফ ওই কক্ষের দরজা বন্ধ করে তাঁকে কিল-ঘুষি মারেন। মারধরের একপর্যায়ে তাঁকে দেয়ালের সঙ্গে ধাক্কা মা‌রা হয়। এতে তাঁর মাথা ফে‌টে যায়।

ঘটনা জানাজানি হলে জাহাঙ্গীরের আত্মীয়স্বজন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হাসপাতালে গিয়ে ওই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। পরে চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামা‌ন শাহী‌নের হস্তক্ষেপে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আসে।

অভিযোগের বিষ‌য়ে জান‌তে অভিযুক্ত চি‌কিৎস‌ক মাহমুদুল হাসানের মুঠোফোন আজ শুক্রবার সকালে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। পরে বেলা ১১টা ২২ মিনিটে হোয়াটসঅ্যাপে তাঁকে খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার প‌রিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আহত রোগীর ও অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে কথা ব‌লে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া‌ গে‌ছে। এ ঘটনায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে (আরএমও) প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত চিকিৎসককে কারণ দর্শাতে বলা হয়েছে।

‌সি‌ভিল সার্জন মঞ্জুর-এ মু‌র্শেদ ব‌লেন, চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঘটনা তদ‌ন্তে সদর উপ‌জেলা স্বাস্থ্য ও পরিবার প‌রিকল্পনা কর্মকর্তা‌ মো. নজরুল ইসলামকে প্রধান ক‌রে তিন সদ‌স্যের ক‌মি‌টি করা হয়েছে। তদন্ত ক‌মি‌টি‌কে আগামী পাঁচ কর্মদিব‌সের ম‌ধ্যে প্রতি‌বেদন জমা দি‌তে বলা হয়েছে। তদন্ত প্রতি‌বেদন স্বাস্থ্য বিভাগের গাফিলতি কিংবা অভিযুক্ত চিকিৎসক দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে।