আজ সোমবার সকাল সাতটায় বাড়িতে পা দিয়েই কাফনের কাপড় সরিয়ে মেয়ে জান্নাতুলের মুখ দেখেন প্রবাসী সায়েম উল্লাহ হাজারী। নিথর মুখটি দেখেই জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে ছোট মেয়ে রাইকাকে কোলে নিয়ে কেবল একদিকে তাকিয়েই রইলেন। নির্বাক সায়েম উল্লাহর চোখ দিয়ে কেবল শোকের পানি গড়িয়ে পড়ছিল।
পরিবারের সংস্থানের কথা ভেবে ১৫ বছর ধরে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে চাকরি করছেন সায়েম উল্লাহ হাজারী। দুই মেয়ে জান্নাতুল মাওয়া রাইসা ও রুবাইয়া তাসনিম রাইকাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। মেয়েদের ভালো স্কুলে দেবেন বলে গ্রামের বাড়ি থেকে ফেনী শহরে চলে যাওয়ার কথাও হচ্ছিল। কিন্তু সড়কেই সব স্বপ্ন শেষ হয়ে গেল।
গতকাল রোববার দুপুরের দিকে জান্নাতুল মাওয়া তার মা, দাদি ও অন্য আত্মীয়দের সঙ্গে নানার বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরছিল। পথে জান্নাতুল ও তার মামা মো. সজীব (১০) দৌড়ে সড়ক পার হতে গিয়ে একটি বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় জান্নাতুল। মারাত্মকভাবে আহত হয় মো. সজীব। আহত সজীবের অস্ত্রোপচার হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক।
নিহত জান্নাতুল সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর খবর পেয়ে দ্রুত বিমানের টিকিট সংগ্রহ করে বাড়ি ছুটে আসেন বাবা সায়েম উল্লাহ হাজারী। কুয়েত থেকে আজ সোমবার সকালে বাড়ি পৌঁছানোর পর এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। মেয়ের মুখ দেখেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে স্বজনদের সহায়তায় তিনি কিছুটা স্বাভাবিক হন। সকাল ১০টায় জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে জান্নাতুলের লাশ দাফন করা হয়।
আজ সকালে সোনাগাজী উপজেলার সফরপুর এলাকায় জান্নাতুল মাওয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে একটি ফ্রিজিং গাড়িতে তার লাশ রাখা হয়েছে। বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন। জান্নাতুলের শোবার ঘরে গিয়ে দেখা যায়, একটি খাটের ওপর দেড় বছর বয়সী ছোট মেয়ে রুবাইয়া তাসনিম রাইকাকে বুকে জড়িয়ে ধরে বসে আছেন বাবা সায়েম উল্লাহ হাজারী। চোখ থেকে অনবরত পানি ঝরছে। পাশে একটি চেয়ারে বসে আহাজারি করছেন দাদি সামছুন নাহার।
সামছুন নাহার বলেন, ‘চোখের সামনে গাড়িচাপায় ছটফট করতে করতে মরে গেছে নাতনি। এর কি কোনো বিচার হবে না? আমি সরকার ও আল্লাহর কাছে বিচার চাই। ছোট থেকে তিলে তিলে অতি আদরে তাকে বড় করে তুলছি। এবার স্থানীয় একটি বিদ্যালয়ে ভর্তি করিয়েছি। আগামী বছর ফেনী শহরে নিয়ে ভালো একটি স্কুলে ভর্তি করাব ভেবেছি। কিন্তু সব শেষ হয়ে গেল।’
সামছুন নাহার আরও বলেন, সব সময় জান্নাতুল তাঁর কাছে কাছে থাকত। কত রকমের সুন্দর সুন্দর কথা বলত। নামাজের জন্য অজু করতে পানি এগিয়ে দিত। কলিজার টুকরা নাতনিকে ছাড়া কীভাবে বেঁচে থাকবেন জানেন না তিনি।
জান্নাতুল মাওয়ার মা জান্নাতুল ফেরদৌসের আহাজারি কিছুতেই থামছিল না। তিনি ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছিলেন। জ্ঞান ফিরলে জানতে চাইছিলেন, জান্নাতুল কই? বিলাপ করে বলছিলেন, ‘আমার চোখের সামনে রাস্তা পার হতে গিয়ে মেয়েটি গাড়ি চাপায় মরে গেল। এটা আমি কীভাবে সহ্য করব। মেয়েকে ছাড়া কীভাবে বেঁচে থাকব।’