গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন

জয়দেবপুর রেলওয়ে জংশনে পড়ে ছিল একজনের লাশ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে জংশনের পশ্চিম পাশের ফটক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। তাঁর পরনে ছিল আকাশি রঙের জামা ও লুঙ্গি।

স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে জয়দেবপুর জংশনের পশ্চিম পাশের ফটক দিয়ে যাত্রীরা বের হওয়ার সময় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এ সময় আশপাশের লোকজন তাঁকে ডাকাডাকি করলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালের মৃত রেজিস্টারে ২৬৪/৩ নম্বরে লিপিবদ্ধ করে লাশটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় বের করার চেষ্টা চলছে।