
ভারত ও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যাওয়ায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে স্থবিরতা নেমে এসেছে। এতে সরকারের রাজস্ব আদায় কমে যাওয়ার পাশাপাশি বিপাকে পড়েছেন বন্দরসংশ্লিষ্ট হাজারের বেশি শ্রমিক।
পাথর আমদানিতে মেট্রিক টনপ্রতি শুল্ক বাড়ানোর প্রতিবাদে টানা ৯ দিন ধরে ভারত থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি করছেন না আমদানিকারকেরা। এ ছাড়া ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলোর স্লট বুকিংয়ের (অনলাইনে ফি দিয়ে নিবন্ধন) আওতায় আনতে ভারতের ফুলবাড়ী বন্দরে ট্রাকচালকদের আন্দোলনের কারণে টানা এক মাস ভুটান থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘আমাদের বন্দরটা সম্পূর্ণ পাথর আমদানির ওপর নির্ভরশীল। বেশ কয়েক দিন ধরে পাথর আমদানি না হওয়ায় শ্রমিকেরা বিপদে পড়েছেন। কাজ না থাকায় সারা দিন অলস সময় কাটাতে হচ্ছে। আয়রোজগার না থাকায় পরিবার-পরিজন নিয়ে তাঁদের কষ্টে দিন কাটাতে হচ্ছে।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়, তার ৯৫ শতাংশই পাথর। ভারত ও ভুটান থেকে প্রতিদিন অন্তত ৩৫০টি ট্রাকে পাথর আমদানি হয়। টানা ৯ দিন ভারত থেকে ও ৩০ দিন ভুটান থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। তবে ভারত ও নেপাল থেকে স্বল্প পরিসরে গমের ভুসি, আদা, পেঁয়াজ, মসুর ডাল আমদানি হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ থেকে সয়াবিন, র-জুট, কটন, গ্লাস, ওষুধসহ বিভিন্ন পণ্য ভারত ও নেপালে রপ্তানি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫ জুলাই সকাল থেকে ভারতের ফুলবাড়ী বন্দরে ভুটানি ট্রাকগুলোকে স্লট বুকিংয়ের আওতায় আনতে আন্দোলন শুরু করে সেখানকার ‘লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। এতে ৫ জুলাই ভারত থেকে পাথর আমদানি বন্ধ থাকে। এরপর ১১ জুলাই পর্যন্ত ভারত ও ভুটান থেকে পাথরসহ অন্যান্য পণ্য আমদানি হয়। পরে একই দাবিতে ভারতে ট্রাকচালকেরা আন্দোলন শুরু করলে ১২ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত পাথর আমদানি বন্ধ থাকে। এরপর বন্দরে ভুটানি পাথর আমদানি বন্ধ থাকলেও ৩১ জুলাই পর্যন্ত ভারত থেকে পাথর আমদানি করা হয়। এরপর শুল্ক বিভাগ ব্যবসায়ীদের চিঠি দিয়ে পাথর আমদানিতে শুল্ক বাড়ালে আমদানিকারকেরা পাথর আমদানি বন্ধ করে দেন।
চিঠিতে বলা হয়, আমদানি করা প্রতি মেট্রিক টন ভারতীয় পাথরে (বোল্ডার) অ্যাসেসমেন্ট ভ্যালু (শুল্ক) ১২ ডলার থেকে ১৩ ডলার করা হয়েছে। এ ছাড়া ভুটানের পাথরে (ভাঙা পাথর) প্রতি মেট্রিক টনে অ্যাসেসমেন্ট ভ্যালু (শুল্ক) ২১ ডলার থেকে বাড়িয়ে ২৪ ডলার করা হয়েছে।
আমদানিকারক সাইদুর রহমান বলেন, ভুটানি ট্রাকে স্লট বুকিংয়ের আওতায় আনতে ভারতীয় ট্রাকচালক-মালিকদের আন্দোলনে আগে থেকেই ভুটান থেকে পাথর আমদানি বন্ধ ছিল। এর মধ্যে শুল্ক বিভাগ ভারত ও ভুটান থেকে পাথর আমদানিতে মেট্রিক টনপ্রতি অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়ানোর ঘোষণা দেয়। অর্থাৎ প্রতি মেট্রিক টন পাথরে তাঁদের অতিরিক্ত ৫০ টাকা ব্যয় হবে। এতে তাঁদের লোকসান গুনতে হবে। এ জন্য পাথর আমদানি বন্ধ রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি।
বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, আমদানিকারকেরা পাথর আমদানি বন্ধ করায় তাঁরাও কর্মহীন হয়ে পড়েছেন। শ্রমিকেরাও বিপাকে পড়েছেন। পুরো স্থলবন্দরে পাথর আমদানি বন্ধের প্রভাব পড়েছে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ব্যবস্থাপক ও ইনচার্জ আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ভারত ও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকায় বন্দরে স্থবিরতা নেমে এসেছে। এতে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। স্বল্প পরিসরে গমের ভুসি, আদা, পেঁয়াজ, মসুর ডাল আমদানি হচ্ছে। তিনি বলেন, বন্দরের দুটি শ্রমিক সংগঠনের মোট ৪৫৬ জন শ্রমিক আছেন। এ ছাড়া বন্দরসংশ্লিষ্ট আরও প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। পাথর আমদানি বন্ধ থাকায় তাঁরা সবাই কর্মহীন হয়ে পড়েছেন।