গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগে শ্বশুর ও ননদ গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রংপুরের মাহিগঞ্জ এলাকায় ধারের টাকা ফেরত চাওয়ায় এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা মামলার আসামি শ্বশুর ও ননদকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বুধবার গভীর রাতে র‌্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর নগরের নাচনিয়া মাহিগঞ্জ এলাকার স্বপন মিয়ার স্ত্রী সালমা বেগম (২৩) বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। সেই টাকা থেকে ১০ হাজার টাকা ধার নেন তাঁর ননদ খাসবাগ এলাকার রমজান আলীর স্ত্রী আলেয়া বেগম (৩২)। এর কয়েক মাস পর গত ২৪ মার্চ সেই টাকা ননদ আলেয়ার কাছে ফেরত চান সালমা। এ নিয়ে শুরু হয় পারিবারিক বিরোধ। গত ২৮ মার্চ এ নিয়ে তর্ক-বিতর্ক এবং ঝগড়া শুরু হলে সালমার স্বামী স্বপন এর প্রতিবাদ করেন। উত্তেজনার একপর্যায়ে সালমার শ্বশুর আখতার হোসেন ও ননদ আলেয়া বেগম সালমা বেগমের ঘরে ঢুকে তাঁকে বেদম মারধর করেন। একপর্যায়ে সালমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার সময় স্বামী স্বপন মিয়া তাঁর স্ত্রী সালমা বেগমকে বাঁচাতে গিয়ে নিজেও দগ্ধ হন। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন সালমাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সালমার শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ মার্চ মারা যান সালমা বেগম।

এদিকে স্বামী স্বপন মিয়া চিকিৎসা নিয়ে বর্তমানে কিছুটা সুস্থ হয়েছে। কিন্তু সালমার মৃত্যুর পরপরই তাঁর শ্বশুর, ননদসহ অন্যরা গা ঢাকা দেন। পরে মৃত্যুর ঘটনায় সালমার মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এরপর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১৩। সেই পরিপ্রেক্ষিতে গোপন নজরদারির মাধ্যমে গতকাল বুধবার সকালে মামলার প্রধান আসামি নিহত সালমার শ্বশুর আখতার হোসেন ও দ্বিতীয় আসামি ননদ আলেয়া বেগমকে ময়মনসিংহের ফুলবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেরোসিন দিয়ে সালমাকে পুড়িয়ে হত্যার কথা আসামিরা স্বীকার করেছেন বলে র‌্যাবের দাবি।