
সাতক্ষীরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের ওপর হামলার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে উপজেলার ধানদিয়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরদারসহ (৪৬) ৯ জনকে আটক করে র্যাব।
পরে গতকাল দিবাগত রাত তিনটার দিকে র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) বাবুল মিয়া বাদী হয়ে এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মামলা করলে ওই ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় গ্রেপ্তার ৯ জনসহ ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীরের ভাই পাঁচপাড়া গ্রামের আমিনুল ইসলাম (৩৭), একই গ্রামের সোহাগ সরদার (২৮), কবিরুল ইসরাম (৩৯), আফজাল খাঁ (৫৮), সোহান সরদার (১৯), শহিদুল ইসলাম (৫৫), রফিকুল ইসলাম (৩৮) ও আজগর আলী (১৮)।
মামলার এজাহারে সরকারি কাজে বাধা ও র্যাব সদস্যদের ওপর হামলা ও মারধরের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী। তবে এসব অভিযোগের বিষয়ে মামলার এজাহারে কী উল্লেখ করা হয়েছে, তা জানা যায়নি।
ধানদিয়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের স্ত্রী চম্পা পারভিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কয়েক মাস ধরে প্রতিপক্ষের লোকজন তাঁদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। এর মধ্যে তাঁরা প্রতিপক্ষের লোকজনের হামলা, মারধর ও মিথ্যা অভিযোগে করা মামলার শিকার হয়েছেন। গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁদের প্রতিপক্ষ মামুন, রেজাউল, নাঈমসহ সাত থেকে আটজন হেলমেটধারী ব্যক্তি জাহাঙ্গীরের চাচা আলম সরদারের বাড়িতে আসেন। হেলমেটধারী ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে চিনতে পারলে তাঁরা চিৎকার শুরু করেন। এতে আশপাশের বাড়ি থেকে কয়েক নারী ও পুরুষ ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় হেলমেটধারী ব্যক্তিরা চলে যান।
চম্পা পারভিন মুঠোফোনে আরও বলেন, হেলমেটধারী ব্যক্তিদের সঙ্গে থাকা সাদাপোশাকধারী কয়েকজন নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দেন। সাদাপোশাকধারীরা বলেন, তাঁরা ধানদিয়া ইউনিয়ন বিএনপির নেতা আলম সরদারকে আটক করতে এসেছেন। উপস্থিত লোকজন সাদাপোশাকধারী ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরদারসহ কয়েকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে র্যাবের অতিরিক্ত ফোর্স এসে পাঁচপাড়া জামে মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা আটজনকে আটক করে। কিছু সময় পর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকেও র্যাব গাড়িতে তুলে নেয়।
জানতে চাইলে র্যাব-৬-এর সাতক্ষীরা শাখার কর্মকর্তা মেজর গালিব বলেন, র্যাব সদস্যদের ওপর হামলা করে সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় ধানদিয়া ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতেই র্যাবের পক্ষ থেকে পাটকেলঘাটা থানায় মামলা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, আটকের পর ওই ৯ জনকে থানা-পুলিশে সোপর্দ করেছে র্যাব। পরে গতকাল দিবাগত রাত তিনটার দিকে র্যাব পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।