সেতু চান ১২টি গ্রামের মানুষ

সেতু নির্মাণ না হওয়ায় সতী নদী পারাপারে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার মানুষ। সম্প্রতি লালমনিরহাটের আদিতমারীর সাগর ঘাটে।
 ছবি: প্রথম আলো

লালমনিরহাটের আদিতমারীর কমলাবাড়ী ইউনিয়নের সতী নদীর সাগর ঘাটে স্বাধীনতার পর থেকে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন আশপাশের ১২ গ্রামের মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় এই দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। কিন্তু বহুল প্রত্যাশিত সেই সেতু নির্মাণ করা হয়নি।

এ অবস্থায় বর্ষাকালে কলাগাছের ভেলা ও নৌকায় চড়ে নদী পার হন লোকজন। আর বছরের অন্য সময়ে নড়বড়ে বাঁশের সাঁকো পারাপারে ভরসা। সতী নদীর সাগর ঘাট এলাকার দুই পারের প্রায় ৩০ হাজার মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন।

সতী নদীর সাগর ঘাটের উত্তর দিকে বামনের বাসা হয়ে লোহাখুঁচি বাংলাদেশ–ভারতের সীমান্ত পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের মধ্যে দেড় কিলোমিটার পাকা। আর দক্ষিণ দিকে পাঁচ কিলোমিটারের মধ্যে নামুড়ি পর্যন্ত সড়কের আধা কিলোমিটার পাকা সড়ক। সাগর ঘাট পার হয়ে উত্তর ও দক্ষিণ এলাকার শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। এ ছাড়া এলাকার লোকজন ব্যবসা-বাণিজ্য ও হাটবাজারের জন্য সাগর ঘাট পার হন।

সাগর ঘাটে উত্তর দিকে পাবনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাখুঁচি উচ্চবিদ্যালয়। আর দক্ষিণ দিকে চন্দনপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দনপাট বুড়ির দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দনপাট বুড়ির দিঘি উচ্চবিদ্যালয়, চন্দনপাট তাসকিয়াতুল উম্মা মাদ্রাসা এবং চন্দনপাট কমিউনিটি ক্লিনিক অবস্থিত।

পাবনাপাড়ার বাসিন্দা কৃষক হাসেন আলী বলেন, ‘মন্ত্রী-এমপিরা কথা দিয়েছিলেন সাগর ঘাটে পাকা সেতু নির্মাণের। কিন্তু কাজ তো শুরু হলো না। খালি সরকারি লোকজন আসেন, মাপজোখ করেন। এসব দেখছি তো কত বছর থাইকা। আসলে ব্রিজ কি হবে নাকি হবে না, কার কথা বিশ্বাস করমু। আমরা কথা না, কাজ দেখতে চাই।’

কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ীর বাসিন্দা ও উত্তর কালীর চওড়া রাধা গোবিন্দ মন্দির গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক বিপিন চন্দ্র রায় (৫৬) বলেন, আগে তিনি সতী নদীর সাগর ঘাটের নড়বড়ে বাঁশের সাঁকোর ওপর দিয়ে মোটরসাইকেল ঠেলে কর্মস্থলে যেতেন। ২০২২ সালের মে মাসে রাতে মোটরসাইকেল ঠেলে পার হওয়ার সময় নিচে পড়ে গিয়েছিলেন। স্থানীয় দুই যুবক তাঁকে উদ্ধার করেন। বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। পরে মোটরসাইকেল বিক্রি করে দিয়ে বাইসাইকেল কেনেন। বর্তমানে তিনি সাইকেলে করে কর্মস্থলে যান।

এলজিইডির পক্ষ থেকে চিঠি লেখালেখি ও সাগর ঘাটে নানা মাপজোখ হয়। দীর্ঘদিন ধরে শুধু শুনে আসছি, এবার সেতু নির্মাণ করা হবে।
মাহমুদ ওমর চিশতি, চেয়ারম্যান, কমলাবাড়ী ইউপি

কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি বলেন, তাঁর চাচা শওকত আলী ১৩ বছর ও তাঁর বাবা শামসুল ইসলাম ২২ বছর ধরে এই ইউপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বড় ভাই ইমরুল কায়েস আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাঁরা সবাই সতী নদীর সাগর ঘাটে সেতু নির্মাণের জন্য চেষ্টা–তদবির করেছেন। বাবা ও চাচা প্রয়াত হয়েছেন। এখন তাঁরা দুই ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মাহমুদ ওমর চিশতি আরও বলেন, ‘বিভিন্ন সময়ে স্থানীয় সংসদ সদস্যরা সাগর ঘাটের সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সেতুটি নির্মাণ করা হয়নি। এলজিইডির পক্ষ থেকে চিঠি লেখালেখি ও সাগর ঘাটে নানা মাপজোখ হয়। দীর্ঘদিন ধরে শুধু শুনে আসছি, এবার সেতু নির্মাণ করা হবে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর কাদের ইসলাম বলেন, রংপুর বিভাগীয় উন্নয়ন প্রকল্পের আওতায় সতী নদীর সাগর ঘাটে পাকা সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত পাকা সেতুর দৈর্ঘ্যসহ নকশা তৈরির কাজ চলমান।