৪০ বছর ধরে শাহ ইমরান হাতপাখা বিক্রি করছেন। গরমের সময় বিক্রি বাড়ে। আগে ছোট পরিসরে হলেও এখন ব্যবসার পরিধি বেড়েছে।
গরমে হাতপাখার চাহিদা বেড়ে যায়। বিক্রিবাট্টাও ভালো হয়। হাতপাখায় জীবনের চাকা ঘুরছে শাহ ইমরানের। ৪০ বছর ধরে তিনি হাতপাখা বিক্রি করছেন। আগে ছোট পরিসরে হলেও এখন এই ব্যবসার পরিধি বেড়েছে। রংপুর শহরের বিভিন্ন এলাকায় তিনি হাতপাখা সরবরাহ করেন।
শাহ ইমরানের (৫৪) বাড়ি রংপুর নগরের নীলকণ্ঠ এলাকায়। নিজের কেনা জমিতে বাড়ি করেছেন। সংসারে স্ত্রী ও দুই মেয়ে। পড়ালেখা তেমন করেননি শাহ ইমরান। তবে দুই সন্তানকে লেখাপড়া করাচ্ছেন। অনার্স পড়ুয়া এক মেয়ের বিয়েও দিয়েছেন। ছোট মেয়ে শিশু নিকেতন স্কুলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
শাহ ইমরান রংপুর প্রধান ডাকঘরের সামনে দীর্ঘদিন ধরে হাতপাখা বিক্রি করছেন। নগরের অনেকে তাঁকে চেনেন। সম্প্রতি গিয়ে দেখা যায়, পাখা বিক্রি করে ব্যস্ত সময় কাটছে তাঁরা। ক্রেতার ভিড় হওয়ায় সামাল দিতে হিমশিম খাচ্ছেন। পাখা বিক্রির ফাঁকে ফাঁকে তাঁর সঙ্গে কথা হয়। শাহ ইমরান বলেন, তাঁদের আদি বাড়ি চাঁদপুর জেলায়। বাবা নুর ইসলাম মারা গেছেন। আট ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। বাবা টুপি ও আতর বিক্রি করতেন। ১৯৭৮ সালে চাঁদপুর থেকে রংপুরে চলে আসেন। তাঁর বাবা দীর্ঘসময় টুপি, আতরের সঙ্গে হাতপাখাও রাখতেন। সেই দেখাদেখি তিনিও হাতপাখার ব্যবসা শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, প্রধান সড়কের পাশে তাঁর এই পাখা কিনছেন পথচারীরা। কেউ রিকশা থামিয়ে, কেউ মোটরসাইকেল দাঁড় করিয়ে, আবার কেউবা হাঁটতে গিয়ে পাখা নেড়েচেড়ে দেখে দরদাম করে কিনছেন। শাহ ইমরান বলেন, কয়েক ধরনের পাখা রয়েছে। তালপাতা, বাঁশের চাটাই, কাপড়ের ওপর নকশাখচিত পাখা। কিছু পাখা ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস খাওয়া যায়। এর মধ্যে তালপাতার পাখা বিক্রি বেশি। মানভেদে প্রতিটি পাখার দাম ৪০-৯০ টাকা।
মোটরসাইকেল দাঁড় করিয়ে মিজানুর রহমান দুটি তালপাতা ও একটি কাপড়ের নকশা করা পাখা কিনলেন । তিনি বলেন, ‘প্রচন্ড গরম। বিদ্যুৎ চলে গেলে অসহ্য গরমে টিকে থাকা দায়। তাই তিনটি হাতপাখা কিনলাম।’
এক নারী ক্রেতা বলেন, ‘আগে তো এই হাতপাখাই ভরসা ছিল। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনও পাল্টে যায়। অভ্যাসও পরিবর্তন হয়। তাই এখন হয়তো হাতপাখার খুব একটা প্রয়োজন হয় না। এরপরও এই হাতপাখা সবার বাড়িতে থাকা ভালো। তাই দুটি পাখা কিনলাম। বাড়িতে থাকলেই কাজে লাগবে।
দীর্ঘ ৪০ বছরের পাখা বিক্রির অভিজ্ঞতা বলতে গিয়ে শাহ ইমরান বলেন, ‘পাখা বিক্রি করেই আমার জীবন চলছে। এই ব্যবসা করে অনেক আগে শহরের নীলকণ্ঠ এলাকায় ১০ শতাংশ জমি কিনে সেখানে আধাপাকা বাড়ি করেছি। আল্লার রহমতে সংসার ভালোই চলছে।’
শাহ ইমরান আরও বলেন, বছরের বারো মাসই এই ব্যবসা হয় না। শুধু গরমকে কেন্দ্র করে এই ব্যবসা। এই পাখা তিনি ময়মনসিংহ থেকে এনে থাকেন। রংপুর শহরের মেডিকেল এলাকায় ১২টি স্থানে পাখা সরবরাহ করেন। প্রতিদিন তাঁর প্রায় ৩০০ হাতপাখা বিক্রি হয়। ৮০০ থেকে ১ হাজার টাকা আয় হয়। অন্যসময় তিনি এই একই স্থানে টুপি, রুমাল ও দাঁতের মাজন বিক্রি করেন।