নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড করিয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের চেষ্টা করার দায়ে কাজল হোসেন (৪৫) নামের একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার রাতে উপজেলার অমৃতপাড়া গ্রামে লালপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন এই দণ্ডাদেশ দেন।
যাঁর কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে, সেই নারীর নাম রেবেকা বেগম (৪৫)।
লালপুর থানা সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ভুক্তভোগী রেবেকার বাড়িতে এসে সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেবেন বলে প্রস্তাব দেন। বিনিময়ে তিনি ১০ হাজার টাকা দাবি করেন। এতে ওই নারীর সন্দেহ হয়। তিনি বিষয়টি গ্রামের কিছু লোককে জানান। পরে লোকজন এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারেন, ওই ব্যক্তি প্রতারণা করে অর্থ আদায়ের চেষ্টা করেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে আসে। সেখানে তিনি দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড দেওয়া হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।