
ঢাকায় পশুর হাটে গরু বিক্রি করে সাড়ে ১৪ লাখ টাকা নিয়ে একটি ট্রাকে বাড়িতে ফিরছিলেন পাঁচ ব্যবসায়ী। গাজীপুরের চন্দ্রা পার হওয়ার পর ওই ব্যবসায়ীদের মারধর শুরু করে ট্রাকে থাকা ছদ্মবেশী ডাকাত দল। মারধরের একপর্যায়ে এক ব্যবসায়ী মারা যান। পরে বাকি চার ব্যবসায়ীকে আহত অবস্থায় সড়কের বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে গরু বিক্রির টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।
গতকাল বুধবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ এলাকা থেকে নিহত ব্যবসায়ী সাহিদুল ইসলামের (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ।
নিহত সাহিদুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাই গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন সারিয়াকান্দির নিজবলাই গ্রামের রেজাউল করিম (৬০), আব্দুস ছালাম (৭০), তাঁর ছেলে সবুজ হোসেন (৩৫) ও সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের ইউনুস আলী (৩০)। ইউনুস আলী ও সবুজ হোসেনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ, ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর বাড্ডা এলাকার আফতাবনগর হাটে ১৬টি গরু বিক্রি করে সাড়ে ১৪ লাখ টাকা নিয়ে গত মঙ্গলবার রাত ১১টার দিকে বগুড়ার উদ্দেশে রওনা দেন পাঁচ ব্যবসায়ী। তাঁরা বাড্ডা থেকে একটি ট্রাকে করে ফিরছিলেন। ট্রাকটি গাজীপুরের চন্দ্রা এলাকা পার হলে ট্রাকের ৯ আরোহী তাঁদের হঠাৎ লাঠি, বাটাম, টর্চ দিয়ে পেটানো শুরু করে। একপর্যায়ে ব্যবসায়ীদের হাত-পা, মুখ, চোখ বেঁধে ফেলে তারা। মারধরের একপর্যায়ে ব্যবসায়ী সাহিদুল মারা যান। এ সময় ওই ব্যবসায়ীদের টাকাপয়সা কেড়ে নেয় দুর্বৃত্তরা। পরে গতকাল সারা দিন বিভিন্ন এলাকা ঘুরিয়ে রাতে সাহিদুলসহ চারজনকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ পেট্রলপাম্পের পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা। বাকি একজনকে অন্য কোথাও ফেলে দেওয়া হয়। পরে আহত ব্যবসায়ীদের দুজন আগ্রাণ পেট্রলপাম্পে এসে বিষয়টি পুলিশকে জানালে বড়াইগ্রাম থানার পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার ও আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন ইউনুস আলী প্রথম আলোকে বলেন, তাঁরা বগুড়ায় যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন। বাড্ডা এলাকায় একটি ট্রাকে আট থেকে নয়জন ব্যক্তি ছিল। রংপুর যাবেন জানালে তাঁরা ওই ট্রাকে জনপ্রতি ৫০০ টাকা ভাড়ার চুক্তিতে ওঠেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) রাজীব আল শরীফ বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে বড়াইগ্রাম থানায় রাখা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে বড়াইগ্রাম থানার পুলিশ ও একজনকে চাটমোহর থানার পুলিশ উদ্ধার করেছে। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।