সৌদি আরবে সড়ক দুর্ঘটনা

শেষবারের মতো ছেলের মুখ দেখতে চান তুষারের মা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী গ্রামের তুষার মজুমদার
ছবি: প্রথম আলো

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী গ্রামের তুষার মজুমদারের (২২) বাড়িতে স্বজনদের আহাজারি ও মাতম থামছেই না। ওই তরুণের পরিবারের সদস্য ও আশপাশের প্রতিবেশীরা শোকে মুহ্যমান। গত সোমবার সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান ওই তরুণ।

তুষার মজুমদার মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘিলাতলী গ্রামের বাসিন্দা। ওই গ্রামের মনির মজুমদার ও মনোয়ারা বেগম দম্পতির বড় সন্তান তিনি। দুই ভাই ও এক বোনের মধ্যে তুষার বড়।

পরিবার সূত্র জানায়, কয়েক বছর আগে তুষারের বাবা দ্বিতীয় বিবাহ করার পর মায়ের সঙ্গে তাঁর বাবার সম্পর্কের অবনতি ঘটে। মাসহ দুই ভাই-বোনকে নিয়ে তুষার বাড়িতে আলাদা থাকতেন। স্থানীয় নারায়ণপুরবাজারে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে যা পেতেন তা দিয়েই দুই ভাই-বোন ও মায়ের ভরণপোষণ চালিয়ে আসছিলেন তিনি। তাঁর ছোট বোন মিম আক্তার স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। ছোট ভাই তুহিন মজুমদার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে। এই দুই ভাই-বোনের লেখাপড়ার খরচও চালিয়ে আসছিলেন তিনি।

পরিবার সূত্র আরও জানায়, সংসারে সচ্ছলতা আনতে গত বছরের মার্চে তুষার সৌদি আরবে যান। একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে চড়া সুদে ঋণ নিয়ে এবং আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করে সৌদি আরবে যান। সেখানে কাজ করে যা পেতেন তা দিয়ে চলত সংসারের যাবতীয় খরচ। ঋণ ও ধারের টাকা পুরোটাই এখনো দেওয়ার বাকি। সোমবার ওমরাহ হজ পালন করতে বাসা থেকে বাসে রওনা দেন তুষার। স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় একটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। এতে বাসটিতে আগুন ধরে গেলে তুষারসহ ১৮ বাংলাদেশি নিহত হন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত তুষার মজুমদারের বাড়িতে স্বজনদের আহাজারি। আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী গ্রামে

আজ বৃহস্পতিবার সকালে তুষারের বাড়িতে দেখা যায়, উঠানে তাঁর মা, দুই ভাই-বোন ও পাশের লোকজন আহাজারি করছেন। স্বজন হারানোর শোকে মুহ্যমান সবাই। স্বজনদের কান্না ও শোকে ভারী হয়ে উঠছে সেখানকার পরিবেশ।

তুষারের মা মনোয়ারা বেগম বলেন, ‘তুষারই আমার সব। আমাগো খাওন-পরনের খরচ, এক মাইয়া ও এক ছেলের লেহাপড়ার খরচও পোলাডাই দিত। আমারে কইছিল, ওমরাহ কইরা বাড়িতে টেয়া পাডাইবো। কিন্তু শেষমেশ আমার কলিজার টুকরাডাই দুনিয়ার তন চইলা গেল। এহন আমি কি লইয়া বাঁচুম। আমার সংসারের খরচ কে দিব। ঋণ-কর্জের টেয়া কেমনে শোধ দিমু। আমার সবকিছুই শেষ অইয়া গেল। শেষবারের মতো পোলাডার মুখ দেখতে চাই। সরকার যদি ওর লাশটা একটু আমার কাছে আইনা দিত।’
তুষারের ছোট বোন মিম আক্তার অশ্রুভেজা কণ্ঠে বলেন, ‘আমার ভাইডা বড় ভালা ছিল। এহন আমার লেহাপড়া কেমনে চালামু। আমাগো সব আশা শেষ। সামনে শুধু অন্ধকার।’