বাবার জন্য ভাত নিয়ে বাড়িতে ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় বাবার জন্য হোটেল থেকে ভাত নিয়ে বাড়িতে ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের কদমতলা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের নাম তরিকুল ইসলাম (২৮)। তিনি উপজেলার দাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নিহত তরিকুলের চাঁচাতো ভাই তৌহিদুজ্জামান বলেন, রোববার রাত সাড়ে আটটার দিকে তালার পাটকেলঘাটা বাজারের একটি হোটেল থেকে বাবার জন্য ভাত নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তরিকুল। কদমতলা এলাকায় আসলে ঢাকাগামী সেভেন স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তরিকুলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য আবেদন করা হয়েছে। ফলে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।