
চলতি মাসের বেতন ও পবিত্র ঈদুল আজহার বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় তাঁরা অবরোধ করেন। পরে পুলিশ ও মালিকপক্ষের আশ্বাসে আধা ঘণ্টা পর তাঁরা অবরোধ তুলে নেন।
কারখানাটির নাম ‘বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড’। এটি টঙ্গীর দত্তপাড়া এলাকায় অবস্থিত। এ কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় দুই হাজার।
টঙ্গী শিল্প পুলিশ ও কারাখানা সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কয়েক দিন ধরেই চলতি মাসের (জুন) বেতন ও ঈদের বোনাস নিয়ে শ্রমিকদের মধ্যে আলোচনা শুরু হয়। তাঁরা এ মাসের বেতন ও ঈদের বোনাস কবে দেওয়া হবে, তা কারখানা কর্তৃপক্ষের কাছে জানতে চান। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাঁদের সেভাবে কিছু জানায়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। গতকাল রোববার কাজ বন্ধ করে দিয়ে কারখানার ভেতর অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। আজ সকালে তাঁরা কারখানার কাজে যোগ না দিয়ে বেতন ও ঈদের বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
টঙ্গী শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কে জড়ো হন। পরে সেখান থেকে চলতি মাসের বেতন ও ঈদের বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেন। পরে মালিকপক্ষের বেতনের আশ্বাসে সকাল নয়টার দিকে সড়ক ছেড়ে দেন তাঁরা।