রংপুরে আজ সকাল থেকে সূর্যের দেখা নেই, নেই রোদের খরতাপ। মৃদু বাতাস বইছে। প্রকৃতির সুন্দর পরিবেশে সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ঈদের পরদিন বিনোদন পেতে দর্শনার্থীরা ছুটে গেছেন রংপুরের তিস্তা নদীর তীরে। নদীর বুকে নৌকায় ঘুরছেন। সেই সঙ্গে চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে খোলা হাওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের উপস্থিতিও প্রত্যক্ষ করা যায়।
রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়া এলাকায় তিস্তা নদীর তীরসহ ভিন্ন জগৎ, তাজহাট জমিদারবাড়ি, চিড়িয়াখানা, কালেক্টরেট সুরভি উদ্যান, চিকলি পার্ক, প্রয়াস সেনা পার্ক—প্রতিটি বিনোদনকেন্দ্রেই মানুষের পদচারণে মুখর।
আজ রোববার বিনোদনকেন্দ্রগুলোতে শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, নারীসহ সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই শহর থেকে চার কিলোমিটার দূরে সেনা কল্যাণ পার্ক প্রয়াসে দেখা যায়, গাছের ছায়ায় মানুষেরা হাঁটছেন। বিনোদনকেন্দ্রের ঘাঘট নদের পাড়ে পরিবারের সদস্যরা দল বেঁধে ঘোরাঘুরি করছেন। সন্তান নিয়ে পরিবারের বড়রা এসেছেন।
রংপুরের মধুপুর এলাকা থেকে রেজাউল ইসলাম পরিবারকে নিয়ে ঘুরতে এসেছেন কাউনিয়া এলাকার তিস্তা নদীর তীরে, নদীর বুকে নৌকায় করে ঘুরছেন। তিনি বললেন, ‘ঈদের পরদিন প্রকৃতির পরিবেশ এত সুন্দর যেন, ঘুরে বেড়ানোর উপযুক্ত সময়। তার ওপর হালকা বাতাসও বইছে। তাই তিস্তা নদীর পাড়ে ছুটে আসা। নদীর বাতাসে মনটা জুড়িয়ে যায়। মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর মজাই আলাদা।’
কেউ কেউ যন্ত্রচালিত নৌকায় করে পরিবার তাদের সন্তান ও স্বজনদের নিয়ে নদীর বুকে ঘুরছেন। হাঁটছেন ফিরছেন নদীর পাড় দিয়ে। তিস্তা সেতু এলাকায় শিক্ষক রেহানা সুলতানা তাঁর সন্তানদের নিয়ে নির্মল বাতাস পেতে ছুটে এসেছেন। তিনি বলেন, ঘুরে বেড়াতে আনন্দ লাগে। তাই তো শহরের কোলাহলময় থেকে নদীর তীরে ছুটে আসা।
রংপুর শহরের বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় দেখা যায় অধিকাংশ শিশু বাবা-মায়ের হাত ধরে ঘুরছে। রাইডে চড়ছে।
সন্তানদের নিয়ে এভাবে ঘুরে বেড়ানোয় বেশ আনন্দ লাগছে বলে জানালেন ঢাকা থেকে বাড়িতে ঈদ করতে আসা লায়লা আনজুমান-আরা। তিনি বলেন, ‘এখানে ছায়ায় ঘেরা অনেক গাছগাছালি। ঢাকায় এভাবে ঘুরে বেড়ানো সম্ভব হয়ে ওঠে না। ঈদের আনন্দ পেতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে যাচ্ছি।’
দর্শনার্থীদের ভিড় প্রত্যক্ষ করা যায় ঐতিহাসিক স্থান তাজহাট জমিদারবাড়িতেও। এ ছাড়া জিলা স্কুলের বিশাল মাঠেও প্রাক্তন শিক্ষার্থীদের ঘুরে বেড়াতে দেখা যায়। এখানে জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ‘দিগন্তজোড়া বিশাল মাঠ। আমার মতো অনেকেই ছুটে এসেছেন অনেকেই। পুরোনো বন্ধুদের দেখাও মিলল।’
এদিকে ঈদের দিনসহ পরবর্তী সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি। প্রতিটি বিনোদনকেন্দ্রে জেলা ও মহারনগর পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানালেন পুলিশ কমিশনার নূরে আলম মিনা।