সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে আইন ও বিচার বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন সিলেটের জেলা ও মহানগর দায়রা জজ আদালতের ১৭ সরকারি কৌঁসুলি। আজ বুধবার বেলা তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে
সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে আইন ও বিচার বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন সিলেটের জেলা ও মহানগর দায়রা জজ আদালতের ১৭ সরকারি কৌঁসুলি। আজ বুধবার বেলা তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে

চার অভিযোগ এনে সিলেটে জামায়াতপন্থী ১৭ সরকারি কৌঁসুলির পদত্যাগ

সিলেটের জেলা ও মহানগর দায়রা জজ আদালতের ১৭ সরকারি কৌঁসুলি পদত্যাগ করেছেন। আজ বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে তাঁরা আইন ও বিচার বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র জমাদানকারীরা বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সদস্য। এ সংগঠনটি জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন হিসেবে পরিচিত। সংগঠনটির সূত্রে জানা গেছে, যাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন, তাঁদের মধ্যে একজন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অ্যাডিশনাল পিপি), একজন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অ্যাডিশনাল জিপি) ও ১৫ সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) রয়েছেন।

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সরকারি কৌঁসুলিদের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আজ রাত আটটার দিকে তিনি জানান, আনুমানিক বেলা তিনটার দিকে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।

পৃথক পৃথক পদত্যাগপত্রে সরকারি কৌঁসুলিরা উল্লেখ করেন, বর্তমান সরকার কর্তৃক গণভোট, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনীহা ও স্বতন্ত্র বিচার বিভাগ চালু না করার প্রতিবাদ হিসেবে তাঁরা স্বেচ্ছায় পদত্যাগ করলেন। তাঁরা দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রয়োজনীয় আদেশ জারির অনুরোধ জানিয়েছেন।

পদত্যাগকারী ব্যক্তিদের মধ্যে আছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অ্যাডিশনাল পিপি) মো. আলীম উদ্দীন ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অ্যাডিশনাল জিপি) মোহাম্মদ নাজমুল হুদা। সহকারী সরকারি কৌঁসুলিদের (এপিপি) মধ্যে রয়েছেন মো. রবিউল ইসলাম, জুনেদ আহমদ, মো. মোজাম্মিল আলী, মো. রহমত আলী, ইয়াসিন খান, মোহাম্মদ নাজমুল ইসলাম, সালেহ আহমদ, আমিনুল ইসলাম চৌধুরী, কাজী আতিফুল হক, সাদেক আহমদ, মোহাম্মদ ময়নুল ইসলাম, মো. আবদুল গফফার, আফজল মিয়া তালুকদার, খায়রুল আলম ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারি মোহাম্মদ আবদুর রব প্রথম আলোকে বলেন, সরকারের বিরুদ্ধে সুনির্দিষ্ট চারটি অভিযোগ এনে দায়িত্বপ্রাপ্ত সরকারি কৌঁসুলিরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র জমাদানকারী সবাই বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সঙ্গে সম্পৃক্ত।

এর আগে ২০২৪ সালের ১৬ অক্টোবর অন্তর্বর্তী সরকারের সময়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতে ১০৩ সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে পদত্যাগপত্র জমাদানকারী ১৭ জনও ছিলেন।