সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, ছেলে ও নাতনি আহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটে ট্রাকের ধাক্কায় সিএন‌জিচা‌লিত অটো‌রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল শ‌নিবার রাত সাড়ে আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দ‌ক্ষিণ সুরমার আতিরবা‌ড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই অটো‌রিকশার চালক ও আরেক যাত্রী আহত হয়েছেন।

নিহত যাত্রীর নাম তাহেরা বেগম (৯০)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আবদুল হান্নানের স্ত্রী। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন তাহেরার ছেলে অটো‌রিকশাচা‌লক দুদু মিয়া (৬০) ও দুদু মিয়ার মেয়ে মাহ‌দিয়া (১৪)।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুদু মিয়া অটোরিকশা চালিয়ে তাঁর মা ও মেয়েকে নিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন। পথে আতিরবা‌ড়ি এলাকায় পৌঁছালে এক‌টি ট্রাক ওই অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন অটো‌রিকশার যাত্রীদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক তাহেরাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে হাসপাতালে ভ‌র্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার ট্রাকের চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহত বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ট্রাকচালককে আসামি করে মামলা করা হয়েছে।