
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল বুধবার যে বাসের চাপায় ছয়জন নিহত হয়েছেন, সেটি ‘রাব্বী-সেতু’ পরিবহনের। বাসটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি ছাড়াই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলছিল চার বছর ধরে। দুর্ঘটনার সময় বাসটির চালক ছিলেন ওবায়দুল্লাহ নামের ২০ বছরের এক তরুণ। ওবায়দুল্লাহর নেই চালকের লাইসেন্স।
ত্রিশাল থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ত্রিশাল উপজেলার বাগান এলাকা থেকে চালক ওবায়দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাসচাপায় নিহত জেসমিন আক্তারের বাবা আতিকুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে ত্রিশাল থানায় মামলাটি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. কাকন মিয়া জানান, বুধবার সকালে শেরপুর থেকে ঢাকাগামী এসএস পরিবহনের একটি বাসের চাকা ত্রিশালের চেলেরঘাট এলাকায় ফেটে যায়। ওই গাড়িতে যাত্রী হিসেবে ছিলেন পোশাক কারখানার অনেক শ্রমিক। কারখানায় যাওয়ার তাড়া থাকায় তাঁরা এসএস পরিবহনের বাস থেকে নেমে মহাসড়কের পাশে দাঁড়িয়ে অন্য বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন।
ওই সময় ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস অপেক্ষমাণ পোশাকশ্রমিকদের নেওয়ার জন্য থামে। যাত্রীরা যখন ইসলাম পরিবহনের বাসটিতে উঠছিলেন, তখন রাব্বী-সেতু নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইসলাম পরিবহনে উঠতে থাকা যাত্রীদের চাপা দেন। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে আরও তিনজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন ত্রিশাল উপজেলার জেসমিন আক্তার (২৫), বখতিয়ার হোসেন (৩২) ও রিপা আক্তার (২৫); ঈশ্বরগঞ্জ উপজেলার আলতাফ হোসেন (৬০) ও সিরাজুল ইসলাম (৩৪) এবং সদর উপজেলার লিটন মিয়া (২৭)।
বিআরটিএর ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেন জানান, দুর্ঘটনার পর তাঁরা জানতে পেরেছেন, ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে বাসটির রুট পারমিশন ছিল না। নিয়ম না মেনে বাসটি চলছিল। বাসটির মালিকের নাম-পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে এটি তাঁরা প্রকাশ করতে চাইছেন না। পরবর্তী সময়ে জানানো হবে।
ত্রিশাল থানার এসআই আরও বলেন, চালক ওবায়দুল্লাহকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রাতে আটকের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি চালকের লাইসেন্স দেখাতে পারেননি।