
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জেলা কৃষক লীগের নেত্রী সামসাদ বেগম ওরফে রানুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর (সংরক্ষিত)। আলমডাঙ্গা থানা–পুলিশের একটি দল গতকাল বুধবার রাতে পৌরসভার এরশাদপুর চাতাল মোড় এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বাদী হয়ে গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা থানায় সামসাদ বেগমকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে রবিউল ইসলাম খান অভিযোগ করেছেন, গতকাল সকাল পৌনে ১০টার দিকে আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম ও নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলছিল। এ সময় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রের মা সামসাদ বেগম বিদ্যালয়ে যান। তিনি অন্য শিক্ষকদের সামনে তাঁকে (রবিউল) গালিগালাজ করেন এবং চড়থাপ্পড় মারেন। জুতা খুলে প্রধান শিক্ষকের দিকে ছুড়ে মারেন।
গ্রেপ্তারের আগে সামসাদ বেগম তাঁর ফেসবুকে একটি পোস্ট দিয়ে দাবি করেন, সরকারি পাইলট বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম খান প্রচণ্ড রোদের মধ্যে ছাত্রদের প্রায় দুই ঘণ্টা দাঁড় করে রেখেছিলেন। এ কারণে ছাত্রদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তিনি ঘটনার প্রতিবাদ করেছেন অভিভাবক হিসেবে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষক মামলা করার পর সামসাদ বেগমকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে নেওয়া হবে।