বরিশালে ব্যাটারিচালিত তিন চাকার যানের বৈধতার দাবিতে চালকদের বিক্ষোভ

বরিশালে ব্যাটারিচালিত তিন চাকার যানের বৈধতার দাবিতে চালকদের বিক্ষোভ
ছবি: প্রথম আলো

বরিশালে ব্যাটারিচালিত তিন চাকার সব ধরনের যানের বৈধতার দাবিতে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিবশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের সদর রোডে এই বিক্ষোভ হয়। পরে সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বরিশালসহ সারা দেশে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে সংগ্রাম পরিষদের নেতৃত্বে আন্দোলন চলছে। সম্প্রতি বরিশাল সিটি করপোরেশন ইজিবাইকের অনুমোদন দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু অনুমোদনের আগে অনুষ্ঠিত বাছাই প্রক্রিয়ায় সংগ্রাম পরিষদের প্রায় তিন হাজার প্রকৃত চালককে ডাকা হয়নি।

সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্যসচিব ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মনীষা চক্রবর্তী বলেন, সংগ্রাম পরিষদের নেতৃত্বে দীর্ঘ ১১ বছর ধরে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন, নীতিমালা প্রণয়ন ও বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবিতে সারা দেশে ধারাবাহিক আন্দোলন চলছে। এই আন্দোলনের ফলাফল হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নীতিমালা হয়েছে। সংগ্রাম পরিষদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিলের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মহাসড়ক ব্যতীত সর্বত্র ইজিবাইক চলাচলে বৈধতা দিয়ে রায় দেন। এই প্রাথমিক সাফল্যের পর অনেকেই নানা উদ্দেশ্যে ব্যাটারিচালিত যানবাহনের ব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন, যার কিছু লক্ষণ ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে।

মনীষা চক্রবর্তী বলেন, বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা রক্ষার কথা বলে ইজিবাইকের অনুমোদন দেওয়ার কথা বলা হয়েছে। ২৬ মার্চ থেকে অনুমোদন নম্বর হিসেবে নম্বরপ্লেট ও ব্লু বুক বিতরণ করা শুরু করেছে করপোরেশন। কিন্তু এই নম্বরপ্লেট আসলে কাদের মধ্যে বিতরণ করা হবে, সে বিষয়ে কোনো সুস্পষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

মনীষা চক্রবর্তী আরও বলেন, ‘আমাদের দাবি, বিআরটিএ এসব যানের অনুমোদন দেবে। এতে শুধু সিটি করপোরেশন নয়, নগরের বাইরের, এমনকি সারা দেশের তিন চাকার যান বৈধতা পাবে। কিন্তু সিটি করপোরেশন তিন চাকার যানের চালকদের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টির জন্য এই পদক্ষেপ নিয়েছে।’

সংগ্রাম পরিষদের প্রধান সংগঠক দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আইউব আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শাহীন শরীফ, ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।