
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে মাছ নিয়ে পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় ঝড়ের কবলে পড়ে একটি মাছবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া থেকে আরিচা ঘাটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রলারে থাকা মাছ ব্যবসায়ীরা নদীতে তলিয়ে গেলেও সাঁতরে একটি ডুবোচরে উঠে প্রাণে বেঁচে যান।
মাছ ব্যবসায়ী আলমগীর মোল্লা জানান, ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে পদ্মা নদীর মাছ কিনতে আরিচা ঘাটে আসেন অনেকে। আজ ভোর পাঁচটার দিকে তিনিসহ চারজন ব্যবসায়ী কয়েকটি সাদা ককশিটে মাছ নিয়ে আরিচা ঘাটে রওনা দেন। ট্রলারটি মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ ঝড়বৃষ্টির কবলে পড়ে। বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বাতাসে নিয়ন্ত্রণ রাখতে না পেরে মুহূর্তের মধ্যে ট্রলারটি উল্টে ডুবে যায়। তাঁরাও সবাই নদীতে তলিয়ে যান। কোনোভাবে সাঁতরে তাঁরা একটি ডুবোচরে উঠে রক্ষা পান। মাঝনদীতে ডুবোচর না থাকলে তাঁরা হয়তো কেউ বাঁচতেন না।
আলমগীর মোল্লা আরও বলেন, তাঁরা দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট থেকে স্থানীয় ইউনুস শেখের ইঞ্জিনচালিত ট্রলারে করে আরিচায় যাচ্ছিলেন। তাঁর সঙ্গে স্থানীয় মাছ ব্যবসায়ী মমিন মণ্ডল, শাহাদত ব্যাপারী ও ট্রলারের মাঝি ইউনুস শেখ ছিলেন। তাঁদের ট্রলারে প্রায় লাখ টাকার মাছ ছিল বলে তিনি দাবি করেন।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, দৌলতদিয়া ঘাটের পাশাপাশি আরিচা ঘাটে দূরদূরান্ত থেকে অনেকে মাছ কিনতে আসেন। বিশেষ করে প্রতিদিন ভোরে আরিচা ঘাটের মাছ বাজার অনেক জমজমাট হয়। তিনি তাঁর ছোট ভাইকে দিয়ে কার্টনভর্তি ৫টি পাঙাশ, ২টি আইড়, ২টি ইলিশসহ ৭০ হাজার টাকার মাছ পাঠান। ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি খবর পান, মাঝনদীতে তাঁদের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে।
চান্দু মোল্লা আরও বলেন, খবর পেয়ে তিনিসহ স্থানীয় আরও কয়েকজনকে দ্রুত বড় একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁদের উদ্ধার করতে যান। ঘটনাস্থলে গিয়ে দেখেন, মাছ ব্যবসায়ী আলমগীর মোল্লা, মমিন মণ্ডল, শাহাদত ব্যাপারীসহ চারজন মাঝনদীতে একটি ডুবোচরে ক্লান্ত অবস্থায় পড়ে আছেন। তাঁদের নৌকায় তুলে ডুবে যাওয়া ট্রলারের সন্ধান করেন। পরে সবাই মিলে ট্রলারটি টেনে নদীর কিনারে তোলেন। সকাল আটটার দিকে ট্রলারসহ তাঁদের নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটে ফিরে আসেন।