ময়মনসিংহের বিসকা রেলওয়ে স্টেশন ১০ বছর ধরে বন্ধ, ভোগান্তি

বিসকা রেলওয়ে স্টেশনটি বন্ধ থাকলেও সেখানে ২টি লোকাল ট্রেন দিনে ১২ বার যাত্রাবিরতি করে।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা রেলওয়ে স্টেশনে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহগামী ট্রেনের অপেক্ষায় বসেছিলেন বিসকা গ্রামের সিদ্দিকুর রহমান। ময়মনসিংহ নগরে গিয়ে বিক্রি করার জন্য তিনি গ্রাম থেকে কলা ও কবুতর কিনেছেন। 

জারিয়া লোকাল ট্রেনটি সকাল সাড়ে ৯টায় বিসকা স্টেশনে আসার কথা। এক ঘণ্টা পার হয়ে গেলেও ট্রেন আসেনি। কখন ট্রেন আসবে, সে বিষয়ে কোনো খবরও নেই স্টেশনে। কারণ, বিসকা স্টেশনটিতে ১০ বছর ধরে দাপ্তরিক কার্যক্রম বন্ধ। 

সিদ্দিকুরের মতো কয়েক শ নারী–পুরুষ এভাবেই ট্রেনের জন্য অপেক্ষা করছেন। কেউ জানেন না, ট্রেন কখন আসবে। অন্তত ১০ বছর ধরে এভাবেই বিসকা রেলওয়ে স্টেশনে প্রতিদিন শত শত মানুষ অপেক্ষা করেন। স্টেশনটির দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীরা প্রতিদিন নানা ভোগান্তি পড়েন। 

গতকাল রোববার সকালে কথা হয় বিভিন্ন পেশার ট্রেনযাত্রীদের সঙ্গে। তাঁরা বলেন, স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় তাঁরা টিকিট কাটতে পারেন না। ফলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গিয়ে নামার পর প্রায়ই নানা রকমের বিড়ম্বনার শিকার হতে হয়। 

যাত্রীরা জানান, এ ধরনের বিড়ম্বনা এড়াতে বিসকার পরের স্টেশন শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন থামলে অনেকেই সেখান থেকে ময়মনসিংহের টিকিট সংগ্রহ করে আবার দৌড়ে ট্রেনে ওঠেন। তবে এ কাজটি করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। বিসকা রেলওয়ে স্টেশনটি বন্ধ থাকলেও সেখানে ২টি লোকাল ট্রেন দিনে ১২ বার যাত্রাবিরতি করে। তবে যাত্রাবিরতির সময় খুব কম হওয়ায় যাত্রীরা দৌড়ে ওঠানামা করেন।

স্টেশনটি বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণের কিছু কাজের জন্য ময়মনসিংহের শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. মাহমুদুল হাসানকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে বিসকা স্টেশনের দায়িত্ব দেওয়া হয়। তিনি জানান, বিসকা স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীদের বলা হয়েছে, ময়মনসিংহগামী যাত্রীরা শম্ভুগঞ্জ স্টেশনে ট্রেন থামলে টিকিট সংগ্রহ করে আবারও যেন ট্রেনে ভ্রমণ করেন। এ জন্য তাঁদের পর্যাপ্ত সময় দেওয়া হবে।  

গতকাল জারিয়া লোকাল ট্রেনে বিসকা থেকে শম্ভুগঞ্জ স্টেশনে ভ্রমণ করে দেখা যায়, বেলা পৌনে ১১টায় জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি বিসকা স্টেশনে যাত্রাবিরতি করে। যাত্রাবিরতির মাত্র দুই মিনিট পরই ট্রেনটি আবারও চলতে শুরু করলে ট্রেনের সব কটি কামরার দরজা ঠেলে দ্রুত যাত্রীরা উঠতে শুরু করেন। বেলা ১১টায় ট্রেনটি শম্ভুগঞ্জ স্টেশনে যাত্রা বিরতি করলে দেখা যায়, মাত্র একজন তরুণ যাত্রী টিকিট সংগ্রহ করে আবার ট্রেনে ভ্রমণ করেছেন। অথচ বিসকা স্টেশনে ময়মনসিংহগামী কয়েক শ যাত্রীকে ট্রেনে ভ্রমণ করতে দেখা যায়। 

বিসকা স্টেশনে গতকাল সকালে কথা হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তাঁরা জানান, বিসকা গ্রামটির সড়ক যোগাযোগ ভালো নয়। এ এলাকার মানুষের যাতায়াতের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ট্রেন। প্রতিদিন নানা প্রয়োজনে অসংখ্য মানুষ বিসকা থেকে ময়মনসিংহে যান। এ এলাকার সবজি বিক্রির জন্য ময়মনসিংহ নগরে নেওয়া হয়।

অথচ জনবলসংকটে ১০ বছর ধরেই এ স্টেশনটি বন্ধ রয়েছে। এখানে কোনো আন্তনগর বা বেসরকারি কমিউটার ট্রেন যাত্রাবিরতি করে না। জারিয়া ও মোহনগঞ্জগামী দুটি লোকাল ট্রেন দিনে ১২ বার এখানে যাত্রাবিরতি করে। শত শত মানুষ প্রতিদিন এ দুটি ট্রেনে করে ময়মনসিংহ শহর ও নেত্রকোনোয় বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তবে ট্রেনের কোন আগাম সংকেত না পাওয়ায় মানুষ দীর্ঘ সময় অপক্ষো করেন। ট্রেন যাত্রাবিরতি করার পর এক মিনিটের বেশি থামে না। যে কারণে মানুষ ট্রেন পুরোপুরি থামার আগে থেকেই উঠানামা করতে শুরু করেন। এতে দুর্ঘটনার শঙ্কা থাকে। 

বিসকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, ‘বিসকা স্টেশনে প্রতিদিন শত শত  যাত্রী ট্রেন ভ্রমণ করেন। স্টেশন চালু না থাকায় ওইসব যাত্রীর বেশির ভাগই বিনা টিকিটে ভ্রমণ করেন। এতে সরকার আর্থিক লাভ থেকে বঞ্চিত হচ্ছে। স্টেশনটি বন্ধ হওয়ার পর আমরা একাধিকবার রেল মন্ত্রণালয়ে স্টেশনটি পুনরায় চালুর দাবি জানিয়েছি। আশ্বাস দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।’

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত বলেন, ‘স্টেশনটি বন্ধ থাকায় মানুষের দুর্ভোগের কথা আমরা জেনেছি। তবে কেউ আমাদের কাছে এ বিষয়ে আবেদন দেননি।’ 

অতিরিক্ত দায়িত্ব হিসাবে বিসকা স্টেশনের দায়িত্বে থাকা শম্ভুগঞ্জ স্টেশনের স্টেশনমাস্টার মাহমুদুল হাসান বলেন, যাত্রীর সংখ্যা বিবেচনায় বিসকা একটি গুরুত্বপূর্ণ স্টেশন। লোকবলের সংকটে স্টেশনটি বন্ধ রয়েছে। তবে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। রেলওয়েতে জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ হলেই স্টেশনটি আবারও চালু হতে পারে।