বালু উত্তোলন বন্ধের অভিযানে গিয়ে নদীতে পড়ে গেল পুলিশের শর্টগান

মানিকগঞ্জ জেলার মানচিত্র
মানিকগঞ্জ জেলার মানচিত্র

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলের শর্টগান পানিতে পড়ে গেছে। শর্টগানটি উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালালেও আজ সোমবার রাত আটটা পর্যন্ত এটি পাওয়া যায়নি।

দৌলতপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে যমুনা নদীতে কয়েকটি খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। এতে বাঘুটিয়া ইউনিয়নের নদীতীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

খবর পেয়ে আজ দুপুরে বাঘুটিয়া ও জিয়নপুর ইউনিয়নের মধ্যবর্তী যমুনা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে দৌলতপুর থানার পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার। অভিযানে একটি খননযন্ত্র জব্দ করা হয়। এ সময় থানার পুলিশ কনস্টেবল মো. আল আমিনের হাতে থাকা শর্টগানটি নদীতে পড়ে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা শর্টগানটি উদ্ধারে নদীতে অভিযানে নামেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকারের সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়ে কনস্টেবলের সঙ্গে থাকা শর্টগান নদীতে পড়ে যায়। নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যদের চেষ্টাতেও শর্টগানটি উদ্ধার করা যায়নি।

স্থানীয় বাচ্চু মিয়া যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন বলে জানিয়েন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বাচ্চু মিয়া। তিনি বলেন, নদীতে কে বা কারা বালু উত্তোলন করছেন, তা তিনি জানেন না। এই বালু তোলার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।