মার্কিন ভিসা নীতির কারণে বস্ত্র ও পাটজাত পণ্য পাঠাতে সমস্যা হবে না: মন্ত্রী

ফরিদপুরে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা উদ্বোধন শেষে বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)
ছবি: প্রথম আলো

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘মার্কিন ভিসা নীতির কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশে বস্ত্র ও পাটজাত পণ্য পাঠাতে সমস্যা হবে না। কেননা এসব পণ্য আমদানি ও রপ্তানি করা হয় বেসরকারি পর্যায়ে এবং এটা ব্যবসায়িক ব্যাপার। এ ক্ষেত্রে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকে না।’ আজ রোববার ফরিদপুরে ‘বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা’ উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে পাঁচ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। জেলা পাট অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘ডলারের সংকটের জন্য আমরা কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্রের বকেয়া টাকা পরিশোধ করতে পারছি না। আমাদের হাতে টাকা আছে, টাকা কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে ডলারের কারণে।’ আগে থেকে এ ব্যাপারে কেন প্রস্তুতি নেওয়া হলো না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তখন তারা বাকিতে কয়লা দিয়েছে, আমরা নিয়েছি। তবে যখন টাকা পরিশোধ করার সময় এসেছে, তখন ডলারের সংকট সৃষ্টি হয়েছে।’ কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি। শুধু বলেন, ‘অচীরেই সমস্যার সমাধান হবে।’

ডলার–সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের বাজার বিদেশি ফলে ভরে গেছে। অথচ আমাদের দেশে আম, কাঁঠাল, লিচু, আনারস, কলার মতো অনেক সুস্বাদু দেশীয় ফল আছে। সেগুলো বাদ দিয়ে ডলার খরচ করে আমরা বিদেশ থেকে ফল আনছি, এটি ঠিক হচ্ছে না।’

এর আগে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘একসময় আমাদের সবচেয়ে বেশি রপ্তানি পণ্য ছিল পাট। আজ প্লাস্টিকের কারণে আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি। বাংলাদেশে বিশেষত ফরিদপুরে বিশ্বের উন্নত মানের পাট উৎপাদিত হয়। কিন্তু বিশ্ববাজারে আমার ভারতের চেয়ে অনেক পিছিয়ে আছি। বিভিন্ন দেশের মেলায় গিয়ে দেখেছি, যেখানে ভারতের ১০০টি পাটজাত পণ্যের স্টল রয়েছে, সেখানে আমাদের ১০টি স্টলও নেই। এই ব্যবধান ১৫ কিংবা ১০–এর মধ্যে হওয়া উচিত ছিল। পাটপণ্য নিয়ে বিশ্ববাজারে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম, কিন্তু ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ আমাদের পিছিয়ে দিয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। সভায় স্বাগত বক্তব্য দেন পাট অধিদপ্তরের মহাপরিচালক সেলিনা আক্তার। উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেন, ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।