দর্শনা সীমান্তে স্বর্ণের ১০টি বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকালে
দর্শনা সীমান্তে স্বর্ণের ১০টি বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকালে

দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণের ১০টি বারসহ এক ব্যক্তি আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চোরাই পথে পাচারের সময় স্বর্ণের ১০টি বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকালে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তির নাম মো. আলমগীর খান (৫৫)। তিনি দর্শনার মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়কের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহল দল আজ সোমবার ভোর ৫টা ৫০ মিনিটে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবস্থান নেয়। এ সময় মো. আলমগীর খান নামের এক ব্যক্তি বাংলাদেশ থেকে ওই এলাকা অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টাকালে বিজিবি সদস্যরা তাঁকে থামার জন্য সংকেত দেন। কিন্তু সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। এরপর তাঁর দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয় এবং প্যাকেট খুলে ভেতর থেকে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। বর্তমান বাজারদর অনুযায়ী যার মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।