বরিশালে বিএনপির অবস্থান কর্মসূচি

‘আরেকটি চক্রান্তের নির্বাচন দেশের মানুষ প্রতিহত করবে’

বরিশালে বিএনপির অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। শনিবার দুপুরে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

বরিশালে বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, এই সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটক রেখে একটি অশুভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে রেখেছে। তারা দেশে আরেকটি চক্রান্ত্রের নির্বাচনের পাঁয়তারা করছে। দেশের মানুষ তাদের এ নতুন ষড়যন্ত্র প্রতিহত করবে।

শনিবার দুপুরে নগরের সদর রোডে বিএনপি কার্যালয় চত্বরে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মজিবর রহমান সরোয়ার আরও বলেন, দেশের মানুষ আগে জানত না যে রাতের অন্ধকারে ভোট হতে পারে। শেখ হাসিনা দেশবাসীকে তা দেখিয়েছেন। দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনেও ভোট দিতে পারেন না সদস্যরা। এ–ই হলো আওয়ামী লীগের গণতন্ত্রের নমুনা।

একই স্থানে আজ বিকেলে বরিশাল মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও আলতাফ হোসেন চৌধুরী।

শনিবার বিকেলে একই স্থানে পৃথক অবস্থান কর্মসূচি পালন করে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপি। এতে বক্তব্য দিচ্ছেন দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

‘বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবি’তে কেন্দ্রঘোষিত এ অবস্থান কর্মসূচি পালন করে দক্ষিণ জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।

আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান, কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন প্রমুখ।

এই সরকার সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে মন্তব্য করে মজিবর রহমান সরোয়ার বলেন, বাজারে দ্রব্যমূল্য লাগামহীন, ব্যাংক লুটপাট হয়ে গেছে, বিচার বিভাগে সরকারের নগ্ন হস্তক্ষেপ, গণমাধ্যম ও মানুষের বাক্‌স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। এমনকি আজ দেশের মা-বোনদের জীবনেরও কোনো নিরাপত্তা নেই। সত্য কথা লিখলে সাংবাদিকদের ওপর নেমে আসছে ডিজিটাল নিরাপত্তা আইনের খড়্গ। এভাবে একটি দেশ চলতে পারে না।

সরকারের উদ্দেশে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘যতই দমন-পীড়ন, হত্যা, গুম আর জুলুম করেন না কেন, যতই গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করেন না কেন, এ দেশের মাটিতে আর কোনো অবৈধ নির্বাচন করতে দেওয়া হবে না।’