
ফরজুল ইসলাম বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান দেড় মাস আগে। এর পর থেকে সংসার চালানোর ভার স্ত্রী রুমা বেগমের কাঁধে এসে পড়েছে। তিনি বলেন, ‘দুই বাচ্চারে নিয়া কেমনে চলমু। স্বামীর দিনমজুরি কাম কইরা কোনো রহম সংসার চালাইত। অহন হেই মানুষটাও নাই। দুইডা সন্তানরে কেমনে মানুষ করমু। সরকার কী কোনো ব্যবস্থা করত না?’
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী গ্রামের (২৬) বাসিন্দা ছিলেন ফরজুল ইসলাম। গত মঙ্গলবার বাড়িতে গিয়ে রুমার সঙ্গে কথা বললে তাঁর কণ্ঠে ঝরে পড়ে নানা উদ্বেগ। ক্ষতিপূরণ চেয়ে তিনি বন বিভাগের কাছে আবেদন করেছেন। কিন্তু এখন পর্যন্ত সেই ক্ষতিপূরণের অর্থ পাননি।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, হাতির আক্রমণে ফসল নষ্ট হলে বন বিভাগ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। হাতির আক্রমণে যাঁরা মারা গেছেন, তাঁদের পরিবার আবেদন করলে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে।
কাটাবাড়ী গ্রামের বাসিন্দারা জানান, কাটাবাড়ী গ্রামের ৩০০ মিটার উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ডুমনিকুড়া ও ফকিরাকুনা পাহাড়। দুই মাস ধরে প্রতিদিন সন্ধ্যা নামার পর ৬০ থেকে ৭০টি হাতির পাল সীমান্ত পেরিয়ে কাটাবাড়ী গ্রামে চলে আসে। শুধু বোরো মৌসুমের জন্য দিনমজুর ফরজুল এক একর জমি বর্গা নেন।
গত ২২ এপ্রিল বেলা তিনটার দিকে হাতির পাল ফসলের মাঠে নামে। ফরজুলও অন্য ব্যক্তিদের সঙ্গে মশাল নিয়ে ফসল রক্ষায় ছুটে যান। এ সময় একটি হাতি তেড়ে এলে ফরজুল তাঁর হাতে থাকা মশাল ছুড়ে মারেন। তখন হাতিটি ফরজুরকে তাড়া করে। পেছনে তাকাতে গিয়ে ফরজুল নিজ খেতে পড়ে যান। সেখানে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার বিকেলে ফরজুলের মৃত্যুর স্থানটি দেখি দিয়ে স্ত্রী রুমা বেগম বলেন, স্বামীর মৃত্যুর এক সপ্তাহের মধ্যে খেতের আধপাকা ধান কেটে আনেন। ৩৫ মণ ধান পেয়েছিলেন। তার মধ্যে ২০ মণ ধান বিক্রি করে জমি বর্গাসহ সব বকেয়া শোধ করেন। তাঁর স্বামীর দাফনের জন্য উপজেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। আর বন বিভাগে আবেদন করছেন ক্ষতিপূরণের জন্য। কিন্তু এখনো কোনো টাকাপয়সা পাননি।
খেত থেকে ফরজুলের বাড়িতে গিয়ে দেখা যায়, একটি ভাঙা ঘরে ফরজুলের স্ত্রী রুমা দুই সন্তানকে নিয়ে বসবাস করছেন। ফরজুলের মৃত্যুর পর এলাকাবাসী তাঁদের জন্য একটি টিনের ঘর নির্মাণ করে দিচ্ছেন।
ফরজুলের ছোট ভাই নজরুল ইসলাম বলেন, প্রতি রাতেই ৫০ থেকে ৬০টি হাতির পাল কাটাবাড়ীতে আসে। তাঁরা সবাই রাতে জেগে পাহারায় থাকেন। এখন জমিতে ধান না থাকায় হাতির পাল খাবারের জন্য বসতবাড়িতে আসতে চায়।
হালুয়াঘাটের গাজীরভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ক্ষয়ক্ষতি প্রতিরোধে বন বিভাগের কোনো নজরদারি নেই।
ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা মাজাহারুল হক বলেন, ফসল রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে হালুয়াঘাটে ফরজুলের মৃত্যু ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে বন বিভাগে আবেদন করা হয়েছে। আশা করছেন দ্রুত তাঁদের ক্ষতিপূরণ হিসেবে তিন লাখ টাকা দেওয়া হবে।