
কাজের উদ্দেশ্যে চট্টগ্রামের পটিয়া থেকে নারায়ণগঞ্জে এসেছিলেন দুই ভাই। পথেই ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন একজন। আরেক ভাই চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর মোড়ে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম আরমান হোসেন ওরফে সোহান (২২)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণঘাটা গ্রামের হোসাইন মিয়ার ছেলে। আরমান এ বছর পটিয়া মাইফুলা কবির কারিগরি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন বলে স্বজনেরা জানিয়েছেন। এ ঘটনায় আরমান হোসেনের ছোট ভাই রিপন হোসেন ওরফে সোহান (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, আজ সকালে দুই ভাইকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মারা যান, ছোট ভাই হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ভাইকে মর্গে রাখা হয়েছে।
সোনারগাঁ থানা–পুলিশ জানায়, সোমবার রাতে দুই ভাই কাজের সন্ধানে চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণঘাটা এলাকা থেকে রূপগঞ্জের তারাব আসার জন্য রওনা হন। আজ ভোর পাঁচটার দিকে তাঁরা সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর মোড়ে নামেন। সেখানেই তাঁরা ছিনতাইকারীর কবলে পড়েন।
আরমান ও রিপনের প্রতিবেশী গোলাম মোস্তফা রূপগঞ্জের তারাবতে থাকেন। তাঁর কাছেই কাজের জন্য দুই ভাই আসছিলেন। গোলাম মোস্তফা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওরা (আরমান ও রিপন) কাজের জন্য আমার কাছেই আসছিল। ভোরে কাঁচপুর মোড়ে বাস থেকে নেমে ওরা আমাকে মোবাইলে খবর দেয়। কিন্তু সেখানে গিয়ে আমি তাদের খুঁজে পাচ্ছিলাম না। তখন তাঁদের ফোন করলে অপর প্রান্ত থেকে ওদের চিৎকার শুনতে পাই। পরে দেখি ওরা কাঁচপুর মোড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে টহল পুলিশের সহযোগিতায় ওদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।