কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে পুণ্যার্থীদের ভিড়। শনিবার সকাল ১০টার দিকে জোড়গাছ ঘাট এলাকায়
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে পুণ্যার্থীদের ভিড়। শনিবার সকাল ১০টার দিকে জোড়গাছ ঘাট এলাকায়

পাপমোচনের বাসনায় বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্র নদে লাখো পুণ্যার্থীর ঢল

দেশের বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ৮ মিনিটে মহা অষ্টমী স্নানোৎসবের লগ্ন শুরু হয়। এই লগ্ন শেষ হবে শনিবার দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে। পাপমোচনের বাসনায় এই আয়োজনে শামিল হয়েছেন পুণ্যার্থীরা।

নারায়ণগঞ্জ

আজ ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক ও নৌপথে আসা পুণ্যার্থীদের ঢল নামে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে। ব্রহ্মপুত্র নদের তিন কিলোমিটার এলাকা পুণ্যার্থীদের পদচারণে মুখর। স্নানোৎসবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সহস্রাধিক সদস্য কড়া নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছেন। আয়োজকদের দাবি, এবার দেশ-বিদেশ থেকে ৮ থেকে ১০ লাখ পুণ্যার্থী স্নানোৎসবে অংশ নেবেন।

এই আয়োজন ঘিরে সড়কের দুই পাশে মেলা বসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের পদচারণ বাড়তে থাকে। অনেক পুণ্যার্থী আগের দিন থেকে আসা শুরু করেন। রক্ষাকালী মন্দিরের স্নানঘাটে পরিবারসহ স্নানে অংশ নিতে এসেছেন কুমিল্লার দেবীদ্বার এলাকার মনীষা রানী দাস। প্রথম আলোকে তিনি বলেন, ‘পুণ্য লাভের বাসনায় স্নানে এসেছি। নিজের জন্য, পরিবারের জন্য ও দেশের মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি।’

এবার ২০টি ঘাটে পুণ্যার্থীদের জন্য স্নানোৎসবের আয়োজন করা হয়েছে। ১০ বছর ধরে স্নান উৎসবে পুরোহিতের কাজ করছেন পবিত্র চক্রবর্তী। প্রথম আলোকে তিনি বলেন, পুণ্য লাভের আশায় পুণ্যার্থীরা তাঁদের সামর্থ্য অনুযায়ী ধান-দূর্বাসহ উপকরণ দিয়ে মন্ত্রপাঠ করে তর্পণ করেন। গত বছরের তুলনায় এবার পুণ্যার্থী বেশি এসেছে বলে তিনি জানান।

স্নানোৎসবে অংশ নিতে দেশ-বিদেশ থেকে প্রচুর পুণ্যার্থী এসেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, কড়া নিরাপত্তার মধ্যে স্নানোৎসবের আয়োজন করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে স্নানোৎসব চলছে। পুণ্যার্থীদের সুবিধার্থে বিশুদ্ধ খাওয়ার পানি, কাপড় বদলানোর জায়গাসহ সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার ও স্নানোৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি প্রত্যুষ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, স্নান ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে স্নানোৎসব পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। এখানে যত সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, তা কোথাও নেই। এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সব ভাই-বোনেরা একসঙ্গে আছে। সবাই একসঙ্গে কাজ করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত বছরের তুলনায় এবার প্রচুর পুণ্যার্থী এসেছেন। এখানে স্নান করার পর পবিত্র হয়ে যান। আপনারা স্নান করার পর এটা বজায় রাখবেন। আপনারা যেন সব সময় পবিত্র থাকতে পারেন।’

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে স্নানোৎসব পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

দেশের নিরাপত্তা বিষয়ে গুজব ছড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা সত্য সংবাদ তুলে ধরে তাদের মিথ্যা সংবাদের কাউন্টার দেবেন। তাহলেই তাদের মুখে চুনকালি পড়বে। আমি আশা করব, আপনারা সত্যি সংবাদ দেন। আমাদের যদি কোনো ভুল থাকে; আপনারা বলেন, কিন্তু কোনো মিথ্যা সংবাদ দেবেন না।’

কুড়িগ্রাম

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৪০০ বছর ধরে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা ব্রহ্মপুত্র নদে এ পুণ্যস্নান করেন। উপজেলার রমনা নদীবন্দর এলাকার ব্রহ্মপুত্র নদের তীর থেকে জোড়গাছ বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় এবারের অষ্টমীর স্নান ও মেলার স্থান নির্ধারণ করা হয়েছে।

অষ্টমীর স্নান উপলক্ষে ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানোৎসব উপলক্ষে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে। পুণ্যার্থীদের সুবিধার জন্য চিলমারীর রমনা নদীবন্দর থেকে জোড়গাছ বাজার এলাকা পর্যন্ত এবারের স্নানের ঘাট ও মেলার স্থান নির্ধারণ করা হয়েছে। স্নানোৎসব কমিটি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের নিরাপত্তা, স্নান–পরবর্তী পোশাক পরিবর্তন এবং পূজা–অর্চনার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া কেউ কেউ আত্মীয়স্বজনের বাড়িতে, কেউ কেউ আবার ব্রহ্মপুত্র নদের তীরের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিচ্ছিন্নভাবে বিছানা করে রাত যাপন করেন।

দিনাজপুরের খানসামা উপজেলা থেকে ষাটোর্ধ্ব মাকে নিয়ে চিলমারী অষ্টমীর স্নানে এসেছেন সুখচরণ দাস। তিনি বলেন, শুক্রবার সকাল ১০টায় খানসামা উপজেলা থেকে স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে রওনা দিয়েছিলেন। দিনাজপুর শহর থেকে অষ্টমীর স্নানের জন্য ৬টি বাসে করে সাড়ে পাঁচ শতাধিক পুণ্যার্থী চিলমারীতে অষ্টমীর স্নানে একসঙ্গে এসেছেন।

কুড়িগ্রাম রাজারহাট উপজেলার ফুলখার চাকলা থেকে আসা পিংকি রানী বলেন, এটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় স্নানোৎসব। ব্রহ্মপুত্র নদে স্নান করলে সব পাপ মোচন হয়। পাপমোচনের আশায় এত দূর থেকে কষ্ট করে এসেছেন।

স্নানোৎসব ও পূজা কমিটির সভাপতি সচীন্দ্রনাথ বর্মণ বলেন, ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান প্রায় ৪০০ বছরের পুরোনো ঐতিহ্য। ব্রহ্মপুত্রে স্নান উপলক্ষে জেলা ও জেলার বাইরে থেকে লাখ লাখ পুণ্যার্থীর চিলমারীতে এসেছে। এ উপলক্ষে চিলমারী উপজেলার প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ চলে। স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার বাহিনী, জনপ্রতিনিধিসহ সবাই পুণ্যার্থীদের নানাভাবে সহযোগিতা করছেন।

জামালপুর
জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুসংলগ্ন পুরোনো ফেরিঘাট এলাকায় আজ ভোর থেকেই পুণ্যার্থীরা ভিড় করেন। পরে তাঁরা জামালপুর শহরের দয়াময়ী মন্দিরে মানত ও রাধামোহন জিউ মন্দিরে বাসন্তীপূজা করেন। অষ্টমী স্নান উপলক্ষে প্রতিবারের মতো এবারও শহরের দয়াময়ী মন্দিরের আশপাশে তিন দিনব্যাপী অষ্টমী মেলা বসেছে।
স্নানোৎসবে অংশ নিতে বসাকপাড়া এলাকার বাসিন্দা অরুণ কর্মকার ব্রহ্মপুত্রের তীরে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘প্রতিবছর ব্রহ্মপুত্র নদে স্নানে যাই। পরিবার ও আত্মীয়স্বজন মিলে অষ্টমীর স্নানে যাচ্ছি। ব্রহ্মপুত্র নদে স্নান করলে সব পাপ মোচন হয়।’

জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানোৎসব। আজ সকালে জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন পুরাতন ফেরিঘাট এলাকায়

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ব্রহ্মপুত্র নদের তীর ও দয়াময়ী এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেরপুর
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আজ শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে বিপুলসংখ্যক হিন্দু নারী-পুরুষ ও শিশু বৈদিক মন্ত্র উচ্চারণ করে স্নান করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা পবিত্র গঙ্গাজলে স্নান করে জগতের যাবতীয় সংকীর্ণতা ও পাপমোচনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের প্রায় আধা কিলোমিটার এলাকা পুণ্যার্থীদের মিলনমেলায় পরিণত হয়।